সমকালীন প্রতিবেদন : তীব্র দহনজ্বালার মাঝেই অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। দেশে আনুষ্ঠানিক আগমন ঘটল বর্ষার। গত ১৬ মে সমস্ত নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামানের একটি বড় অংশে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মৌসম ভবন জানিয়েছে, আন্দামানের শ্রী বিজয়পুরম ছুঁয়ে বর্ষা বর্তমানে দক্ষিণ-পূর্ব আরব সাগর, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একাংশ এবং আন্দামান সাগরের সিংহভাগ জুড়ে অবস্থান করছে।
আগামী ২৬ মে ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে দেশজুড়ে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে। আন্দামানে বর্ষা ঢুকতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের মেঘ ঘনিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবারও মালদহ পর্যন্ত সব জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে, যার মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বুধবার থেকে ফের ভিজবে উত্তরবঙ্গ।
হাঁসফাঁস গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসীও আজ ও আগামীকাল (সোম ও মঙ্গলবার) সাময়িক স্বস্তির মুখ দেখতে পারেন। স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। এই জেলাগুলিতে বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
সোমবার সপ্তাহের প্রথম দিনে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায়। তবে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি কমে পুনরায় গরম ও অস্বস্তি মাথাচাড়া দেবে।
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। সকালে শহরের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা বেলা বাড়ার সাথে সাথে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। চড়া রোদের কারণে পথচলতি সাধারণ মানুষকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলের পর সামান্য ঝড়-বৃষ্টি হতে পারে।
তবে আগামী কয়েকদিন মেঘলা আকাশ ও গুমোট গরমের অস্বস্তি বজায় থাকবে। এমনকি আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার কলকাতার তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন