Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঘুমের মধ্যে স্ত্রীকে নির্মমভাবে হত্যা: চিকিৎসক স্বামীকে দোষী সাব্যস্ত করল বনগাঁ মহকুমা আদালত

 

Doctor-husband-convicted

সমকালীন প্রতিবেদন : ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে নিজের স্ত্রীকে খুনের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত চিকিৎসক স্বামীকে দোষী সাব্যস্ত করল আদালত। বাগদা থানার আমডোব এলাকার বাসিন্দা, পেশায় চিকিৎসক অরিন্দম বালাকে তার স্ত্রী রত্নোত্তমা দে-কে হত্যার অভিযোগে বিচারক দোষী সাব্যস্ত করেছেন। আগামীকাল আদালত এই মামলায় আসামির সাজা ঘোষণা করবেন।

বুধবার বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কুমকুম সিনহার এজলাসে এই মামলার শুনানি সম্পন্ন হয়। সমস্ত সাক্ষ্যপ্রমাণ ও নথি পর্যালোচনার পর বিচারক অভিযুক্ত চিকিৎসক অরিন্দম বালাকে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালতের এই বিশ্লেষণে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর বিচার পাওয়ার আশায় প্রহর গুনছেন নিহতের পরিবার।

মামলার বিবরণ অনুযায়ী, বাগদার আমডোব এলাকার বাসিন্দা চিকিৎসক অরিন্দম বালার সঙ্গে তাঁর স্ত্রী রত্নোত্তমা দে-র দাম্পত্য জীবন ঘিরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই মামলার সরকার পক্ষের আইনজীবী সঞ্জয় দাস জানান, ২০২৩ সালের ২০ আগস্ট রাতে রত্নোত্তমা দেবীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বেশি রাতে গভীর ঘুমের মধ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে চিকিৎসার কাজে ব্যবহৃত অস্ত্রপচারের যন্ত্র দিয়ে গলার শিরা কেটে নৃশংসভাবে হত্যা করে তার চিকিৎসক স্বামী। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে।

মৃতার মা মনীষা দে জানান, ঘটনার আগের দিন আমাদের কাছে হাতে পায়ে ধরে মেয়েকে বাড়িতে নিয়ে যায় অরিন্দম। রাত ১১টা নাগাদ মেয়ের সঙ্গে ফোনে কথা হয়। পরদিন সকালে বার বার ফোন করেও আর মেয়েকে পাওয়া যায় না। পরে অরিন্দমের ভাই ফোন করে জানায় যে, আমাদের মেয়েকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছে অরিন্দম। ওই এমন কঠিন সাজা হোক, যাতে আর কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

মৃতার বাবা ড:‌ রাজীবকুমার দে বলেন, 'মেয়ের খুনের বিচার পেতে গত ২ বছর ১১ মাস ধরে কখনও বনগাঁ কোর্ট, আবার কখনও কলকাতা হাইকোর্টে দৌঁড়ে বেরিয়েছি। অবশেষে বিচারের আশ্বাস পেলাম। চিকিৎসক পাত্র দেখে আমরা মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু তাদের পারিবারিক দিকটি দেখা হয় নি। নাহলে হয়তো আমরা আমাদের মেয়েকে এভাবে অকালে হারাতাম না।'

দীর্ঘ শুনানি এবং উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক কুমকুম সিনহা অবশেষে অরিন্দম বালাকে অপরাধী হিসেবে ঘোষণা করলেন। কাল, অর্থাৎ বৃহস্পতিবার এই আলোচিত মামলায় দোষী সাব্যস্ত চিকিৎসকের সাজা কত বছরের হবে কিংবা কী দণ্ড দেওয়া হবে, তা ঘোষণা করবে বনগাঁ মহকুমা আদালত। এই মামলার চূড়ান্ত সাজা ঘোষণার দিকে এখন নজর রয়েছে সবার।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন