সমকালীন প্রতিবেদন : রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘদিনের গৃহহীনতার পর অবশেষে নিজের বাড়িতে ফিরলেন গাইঘাটার পাঁচপোতা গ্রামের বাসিন্দা গোবিন্দ দাস এবং তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
গোবিন্দ দাসের অভিযোগ, বিজেপি করার কারণে প্রায় পাঁচ বছর আগে তৃণমূলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়, যার জেরে তাঁকে গ্রেফতার হতে হয়েছিল। পরে জামিনে মুক্তি পেলেও তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা আর বাড়িতে ফিরতে পারেননি বলে দাবি করেন। তাঁর কথায়, সেই সময় এলাকার তৃণমূল নেতৃত্বের চাপ ও হুমকির কারণে তাঁদেরকে দীর্ঘদিন বাড়িছাড়া জীবন কাটাতে হয়েছে।
গোবিন্দ দাস আরও জানান, দীর্ঘ পাঁচ বছর তাঁরা বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে দিন কাটিয়েছেন। পাঁচপোতা বাজারে থাকা তাঁদের দোকানঘরটিতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে দুর্বিসহ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অবশেষে নিজেদের বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন তাঁরা।
অন্যদিকে, গোবিন্দ দাসের স্ত্রী অর্চনা দাসের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁদের পরিবারকে বারবার হেনস্তা করা হয়েছে। তাঁর দাবি, তাঁকে, তাঁর মা এবং স্বামীকে মারধর করা হয়েছে এবং স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি বাড়ি ফিরলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
গোবিন্দ দাসের শাশুড়ি কল্পনা দাসও অভিযোগ করে জানান, সেই সময় তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। বহু বছর পর ভোটের সময় নিজের বাড়িতে ফিরেছেন। ভোটের ফলে রাজ্যে পরিবর্তন আসায় এখন তাঁরা শান্তিতে থাকতে পারছেন বলে সন্তোষ প্রকাশ করেন।
তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বিকাশ আচার্য। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। এটি মূলত পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের ফল, যা মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন