Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট: অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ

 ‌

FIR-at-Bonga-Cyber-PS

সমকালীন প্রতিবেদন : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে দিল্লির পাশাপাশি কলকাতাতেও সরগরম রাজনৈতিক প্রেক্ষাপট। এরই মধ্যে আন্দোলনের আবহ থেকে নতুন বিতর্ক তৈরি হলো টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ও কুরুচিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে এই অভিনেত্রীর বিরুদ্ধে সোজা থানায় হাজির হলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সোমবার দুপুরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার জল বহুদূর গড়ালেও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তা নিয়ে উপযুক্ত প্রশাসনিক ও আইনি পদক্ষেপ করেছে। কিন্তু একটি মহল আন্দোলন অব্যাহত রেখে দেশকে অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে। সেই কর্মসূচির পথ ধরেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেশের প্রধানমন্ত্রীর একটি আপত্তিকর ও কুরুচিকর ছবি তৈরি করে তা প্রচার করেছেন।

অভিযোগকারীদের পক্ষে মানস কুমার বিশ্বাস এবং কাবেরী ঘোষ জানান, "প্রধানমন্ত্রী কোনো একক দল বা গোষ্ঠীর নন, তিনি গোটা দেশের ১৪০ কোটি নাগরিকের প্রতিনিধি। তাঁকে এভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা এবং তাঁর বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া দেশের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল।" বিজেপির স্থানীয় নেতাকর্মীদের স্পষ্ট বক্তব্য, সামাজিক মাধ্যমে দেশনায়কের ভাবমূর্তি নষ্ট করার মতো এই মারাত্মক অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, বিজেপির পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে নির্দিষ্ট ধারায় তদন্ত প্রক্রিয়া শুরু করা হচ্ছে। নিট আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক এই তোলপাড়ের মধ্যে একজন প্রথম সারির অভিনেত্রীর বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনাটি স্থানীয় ও রাজ্য রাজনৈতিক মহলে জোর আলোচনার জন্ম দিয়েছে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন