সমকালীন প্রতিবেদন : মঙ্গলবার সাতসকালে ইডি-র আচমকা হানায় তীব্র চাঞ্চল্য ছড়াল বনগাঁ শহরের সুভাষপল্লী এলাকায়। সকাল সাড়ে সাতটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে এই অভিযান চালায়। স্থানীয় সূত্রে খবর, সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া এবং বিপুল অঙ্কের টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগেই মূলত এই মেগা তল্লাশি অভিযান।
সূত্রের খবর, অভিযান চলাকালীন দুই ভাই বিশাল বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা। প্রথম দফায় বিশাল বিশ্বাসের বাড়িতে প্রবেশ করেন তাঁরা। সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালানো হয় ভাই অভিজিৎ বিশ্বাসের বাড়িতেও। আধিকারিকরা পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করার পাশাপাশি বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখতে থাকেন।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। বিশাল ও অভিজিৎ– এই দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সরকারি কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে।
সাধারণ মানুষকে নানা সরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে এই প্রতারণার পরিমাণ প্রায় ১৬০ কোটি টাকা বলে তদন্তে উঠে এসেছে।
জানা গেছে, অভিজিৎ বিশ্বাস মূলত বেঙ্গালুরুতেই বসবাস ও কাজকর্ম পরিচালনা করে। অন্যদিকে বিশাল বিশ্বাস এলাকায় থেকেই জালিয়াতির এই আন্তর্জাতিক ও রাজ্যস্তরের সুতো নাড়াচাড়া করত বলে অভিযোগ।
সাতসকালে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলা এই তদন্তকে ঘিরে এলাকায় বিপুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার হওয়া নথিপত্র এবং বয়ানের ভিত্তিতে আগামী দিনে এই প্রতারণাচক্রে আরও কাদের হাত রয়েছে, তা উন্মোচনে মরিয়া তদন্তকারীরা।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন