সমকালীন প্রতিবেদন : কথা রাখল নবনির্বাচিত বিজেপি সরকার। নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকেই রাজ্যে শুরু হতে চলেছে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প। সোমবার নবান্ন সভাঘরে বিজেপি বিধায়কদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।
তৃণমূল জমানার 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের পাল্টায় ভোটের আগেই 'অন্নপূর্ণা ভাণ্ডার'-এর ডাক দিয়েছিল বিজেপি। সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ১ জুন থেকে সেই অঙ্ক একলাফে বেড়ে দাঁড়াচ্ছে ৩০০০ টাকায়।
অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়াও সোমবারের বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিনামূল্যে বাস পরিষেবা: আগামী মাস থেকেই রাজ্যের সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের কোনও ভাড়া লাগবে না।
আয়ুষ্মান ভারত: দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প 'আয়ুষ্মান ভারত'।
সামাজিক প্রকল্প বজায়: মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পূর্বতন সরকারের কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তিনি বলেন, "৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের, চালু থাকা কোনও সামাজিক কর্মসূচি এই সরকার বন্ধ করছে না।"
প্রকল্পগুলি চালুর ঘোষণা হলেও কিছু বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো সমস্ত মহিলাই এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন, নাকি বয়সের বা আয়ের কোনও নির্দিষ্ট শর্ত থাকবে, তা সরকার এখনও খোলসা করেনি। একইভাবে আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথীর ভবিষ্যৎ নিয়েও উপভোক্তাদের মনে প্রশ্ন রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত কার্যকর করা হবে, তবে পুরনো প্রকল্পগুলি স্বতন্ত্র নামেই চলবে নাকি নতুন প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তা নিয়ে মন্ত্রিসভা আগামী দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই 'মাস্টারস্ট্রোক' রাজ্যের মহিলা ভোটব্যাঙ্ককে আরও সুসংহত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, ১ জুন থেকে এই বিশাল কর্মযজ্ঞের রূপায়ন কতটা মসৃণভাবে সম্পন্ন হয়।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন