Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৭ জুন, ২০২৬

রাহানের বিদায় নিশ্চিত করে হার্দিককে অধিনায়ক করতে মরিয়া কেকেআর

 

Captain-of-KKR

সমকালীন প্রতিবেদন : মে মাসেই পর্দা নেমেছে আইপিএল-এর। তবে মাঠের লড়াই শেষ হলেও ফ্র্যাঞ্চাইজিগুলির অন্দরমহলে আগামী মরশুমের ঘুঁটি সাজানোর লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই দল গোছানোর ইঁদুর দৌড়ে এই মুহূর্তে সবথেকে বড় চমক দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট মহলে জোর গুঞ্জন, আগামী মরশুমে বেগুনি-সোনালী শিবিরে যোগ দিতে পারেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। 

শুধু দলে নেওয়াই নয়, সরাসরি কেকেআর-এর অধিনায়কের আর্মব্যান্ডও তুলে দেওয়া হতে পারে তাঁর হাতে। বিগত মরশুম শেষ হতেই হার্দিক পাণ্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন। তারপর থেকেই তিনি কোন দলে যোগ দেবেন, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনার পারদ চড়ছিল। এবার সেই তালিকায় সবথেকে শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এল তিলোত্তমার ফ্র্যাঞ্চাইজিটি।

আসলে, অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে পরপর দুই মরশুমে আইপিএল-এ চরম ব্যর্থতার মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। দলের ধারাবাহিক পারফরম্যান্সের অভাব এবং খামতি ঢাকতে একজন আগ্রাসী ও ট্রফি জয়ী অধিনায়কের খোঁজে ছিল নাইট থিঙ্কট্যাঙ্ক। ঠিক এই জায়গাতেই হার্দিক পাণ্ডিয়াকে আদর্শ বিকল্প মনে করছে কেকেআর কর্তৃপক্ষ।

সংবাদসংস্থার একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হার্দিককে কলকাতায় আনার বিষয়ে কেকেআর-এর শীর্ষকর্তাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের মালিকপক্ষের একাধিক দফায় রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গত মরশুমের শেষেই প্রথম মুম্বইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতা। তবে সেই সময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ‘অ্যানুয়াল জেনারেল মিটিং’ থাকায় এই ট্রেডিংয়ের বিষয়টিকে সাময়িকভাবে পাশে সরিয়ে রাখা হয়েছিল। তবে এখন সেই জল্পনা ফের বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

কেকেআর শিবিরের ভেতরের খবর, ২০২৭ সালের আইপিএল-এর মিনি বা মেগা নিলামের আগেই বর্তমান অধিনায়ক অজিঙ্ক রাহানেকে দল থেকে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ এক সূত্র পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে অত্যন্ত বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, “অজিঙ্কা রাহানে সবসময়েই কেকেআর-এর জন্য একটি ‘অস্থায়ী সমাধান’ বা স্টপ-গ্যাপ ক্যাপ্টেন ছিলেন। এই মরশুমের পরেই যে তাঁকে ছেড়ে দেওয়া হবে, সেই পরিকল্পনা আমাদের আগেই ছিল। সেই কারণেই গত মরশুমের শেষেই কেকেআর কর্তারা মুম্বইয়ের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং সম্প্রতি তাঁদের মধ্যে বেশ কয়েক দফা ফলপ্রসূ আলোচনাও হয়েছে।”

রিপোর্টে আরও প্রকাশ, হার্দিককে দলে টানতে কেকেআর ‘অল-ক্যাশ ট্রেড’ অর্থাৎ সম্পূর্ণ মোটা অঙ্কের নগদ অর্থের বিনিময়ে চুক্তি করার প্রস্তাবও ভেবে দেখছে। তবে মুম্বই ইন্ডিয়ান্স শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে তাদের প্রাক্তন অধিনায়ককে ছাড়তে রাজি হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ টাকার পাশাপাশি কেকেআর-এর দুই প্রতিভাবান তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী এবং রামনদীপ সিংকে নিজেদের দলে চাইছে। অর্থাৎ একটি ‘প্লেয়ার সোয়াপ’ চুক্তির দিকেও মোড় নিতে পারে এই মেগা ট্রেড। এখন দেখার, কেকেআর নিজেদের সেরা তরুণদের হাতছাড়া করে হার্দিককে আনে, নাকি শুধুই অর্থের জোরে এই চুক্তি সম্পন্ন করে। শেষ পর্যন্ত এই মেগা ডিল কোন দিকে বাঁক নেয়, সে দিকেই চাতক পাখির মতো চেয়ে আছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন