Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১১ মার্চ, ২০২৬

গোপালনগরে অবৈধ গ্যাস রিফিলিং চক্রের পর্দাফাঁস: পুলিশের অভিযানে উদ্ধার ১৮টি সিলিন্ডার

 

Illegal-gas-refilling

সমকালীন প্রতিবেদন : গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে গোপালনগর থানা এলাকায় একটি বড়সড় অবৈধ গ্যাস রিফিলিং চক্রের হদিস পেল পুলিশ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দা বিষু শেখের বাড়িতে হানা দিয়ে পুলিশ বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার এবং গ্যাস রিফিলিংয়ের সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গোপালনগর থানা এলাকায় একটি চক্র অবৈধভাবে রান্নার গ্যাস অটো রিকশায় রিফিল করার কাজ চালিয়ে যাচ্ছিল। আজ সকালে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ বিষু শেখের বাড়িতে অতর্কিত হানা দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে ১টি ভর্তি ১৪.২ কেজির 'ইন্ডেন' (Indane) গ্যাস সিলিন্ডার, ১৭টি খালি 'ইন্ডেন' গ্যাস সিলিন্ডার এবং গ্যাস রিফিল করার জন্য ব্যবহৃত পাইপ, নজেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষু শেখ স্বীকার করেছে যে, কোনো বৈধ লাইসেন্স বা সরকারি অনুমতি ছাড়াই সে দীর্ঘদিন ধরে রান্নার গ্যাস থেকে অটো রিকশায় গ্যাস ভরার কাজ করছিল। সাধারণত রান্নার গ্যাসের দাম বাণিজ্যিক গ্যাসের তুলনায় কম হওয়ায়, অসাধু উপায়ে বেশি লাভের আশায় এই কারবার চলত। কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনবহুল এলাকায় এই বিপজ্জনক কাজ চলছিল, যা বড়সড় অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছিল।

পুলিশ উদ্ধারকৃত সমস্ত সরঞ্জাম ও সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, বা এই বিপুল পরিমাণ সরকারি সিলিন্ডার সে কোথা থেকে জোগাড় করত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন