সমকালীন প্রতিবেদন : প্রতীক্ষার অবসান। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর শুরুর তারিখ। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক দিনেই সম্প্রচারকারী চ্যানেল 'স্টার স্পোর্টস' জানিয়ে দিল, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটিপতি লিগের ঊনবিংশতম আসর।
প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে। তবে শেষ মুহূর্তে তা দু’দিন পিছিয়ে ২৮ মার্চ করা হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বিরাট কোহলিদের প্রতিপক্ষ কারা, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে বোর্ড।
আইপিএল শুরুর দিন ঘোষণা হলেও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে আরও কয়েক দিন সময় নিতে চায় গভর্নিং কাউন্সিল। এর নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এই তিন রাজ্যই আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু।
কলকাতা: কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেনস। চেন্নাই: সিএসকের দুর্গ চিপক স্টেডিয়াম। গুয়াহাটি: রাজস্থান রয়্যালসের বিকল্প হোম গ্রাউন্ড।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত নিরাপত্তার খাতিরে চূড়ান্ত সূচি তৈরি করা সম্ভব হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে ইতিমধ্যেই এই পরিস্থিতির কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি সামনে আসতে পারে। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুতে উদযাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জন ভক্তের মৃত্যু হয়েছিল।
সেই শোকাবহ ঘটনার জেরে দীর্ঘ দিন চিন্নাস্বামীতে ক্রিকেট বন্ধ রাখা হয়েছিল। মাঠের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থায় আমূল সংস্কারের পর ফের সেখানে আইপিএলের আসর বসছে। তবে জানা গিয়েছে, আরসিবি তাদের সাতটি ঘরোয়া ম্যাচের সবকটি বেঙ্গালুরুতে খেলবে না। পাঁচটি ম্যাচ চিন্নাস্বামীতে হলেও বাকি দু’টি ম্যাচ হবে ছত্তিশগড়ের রায়পুরে।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার স্টেডিয়ামের প্রবেশ ও প্রস্থান পথে বিশেষ নজরদারি চালানো হবে। চিন্নাস্বামীতে কোহলিদের প্রথম ম্যাচ ঘিরেই এখন উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেট মহলে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন