সমকালীন প্রতিবেদন : বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে হৃদরোগ ও স্নায়বিক ব্যাধি প্রতিরোধ এবং চিকিৎসায় 'রিহ্যাবিলিটেশন' বা পুনর্বাসনের অপরিহার্যতা তুলে ধরতে এক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল কলকাতা হার্ট লাং সেন্টার। সার্ভে পার্কের ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচির মূল থিম ছিল– ‘কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক: প্রিভেনশন, ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন’। সুনির্দিষ্ট জীবনযাত্রা ও সঠিক থেরাপির মাধ্যমে জটিল রোগের পর স্বাভাবিক জীবনে ফেরার দিশা দেখানোই ছিল এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য।
অনুষ্ঠানে শহরের প্রথিতযশা চিকিৎসকদের উপস্থিতিতে কেএইচএলসি-র বার্ষিক প্রতিবেদন পেশ করেন কার্ডিওপালমোনারি রিহ্যাব স্পেশ্যালিস্ট ডাঃ সত্যজিৎ বেহেরা। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ পি কে হাজরা জানান, বয়সের সঙ্গে সঙ্গে হার্ট ও ফুসফুসের কার্যক্ষমতা কমতে থাকলে প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের অধীনে বৈজ্ঞানিক রিহ্যাব ও কাউন্সেলিং অত্যন্ত জরুরি। শুধু সার্জারি বা ওষুধ নয়; স্ট্রোক, প্যারালাইসিস, সিওপিডি কিংবা হাড়ের সমস্যার চিকিৎসায় দীর্ঘমেয়াদি রিহ্যাব জীবনের মান বহুগুণ বাড়িয়ে দেয়।
নিউরোলজিস্ট ডাঃ জয়দীপ বিশ্বাস জানান, মস্তিষ্কের সুরক্ষায় এবং স্ট্রোক-পরবর্তী সময়ে রোগীকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে নিউরো-রিহ্যাবের বিকল্প নেই। অন্যদিকে, ডাঃ সুনীপ ব্যানার্জি ও ডাঃ সত্যজিৎ বেহেরা যৌথভাবে জানান, হার্ট ও ফুসফুসের জটিল অস্ত্রোপচারের আগে ও পরে অঙ্গপ্রত্যঙ্গের কর্মক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে এক ছাদের নিচে বিশ্বমানের কম্প্রিহেনসিভ থেরাপি দিচ্ছে তাঁদের প্রতিষ্ঠান। এ দিনের অনুষ্ঠানে পিআইএমটি-র ডিরেক্টর অধ্যাপক প্রবীর কুমার দে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে ফিজিওথেরাপি পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের আলোচনার পাশাপাশি এ দিনের অনুষ্ঠানটি আবেগঘন হয়ে ওঠে রোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। সিওপিডি কাটিয়ে সুস্থ হয়ে ওঠা পৌলমী মুখার্জির সঙ্গীত পরিবেশনা এবং ডিগনিটি ফাউন্ডেশনের প্রবীণ সদস্যদের 'বন্দে মাতরম্'-এর তালে নৃত্য পরিবেশন উপস্থিত সকলের মন জয় করে নেয়। শেষে কেক কেটে উদযাপিত হয় বিশেষ দিনটি। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শুভাংক্ষী দাসের সঞ্চালনায় সার্বিক আয়োজনটি স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে এক নতুন বার্তা দেয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন