সমকালীন প্রতিবেদন : সরকারি পরিষেবা প্রদানে অকারণে দেরি কিংবা গাফিলতি আর বরদাস্ত করতে রাজি নয় রাজ্য সরকার। নির্ধারিত সময়ের মধ্যে শংসাপত্র, লাইসেন্স, পারমিট অথবা কোনও সরকারি অনুমোদন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি না হলে এবার সংশ্লিষ্ট আধিকারিকদের জবাবদিহি করতে হবে। এমনকী, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে কোনও আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে শোকজ করার নির্দেশ দিয়েছে নবান্ন। এই মর্মে রাজ্যের সমস্ত দফতরের কাছে নির্দেশিকা পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। সরকারি কাজে গতি আনা এবং সাধারণ মানুষের হয়রানি কমাতেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল।
সরকারি দফতরে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করেও অনেক সময় নির্ধারিত সময়ের মধ্যে তার নিষ্পত্তি হয় না। ফলে প্রয়োজনীয় শংসাপত্র, লাইসেন্স কিংবা অনুমোদন পেতে সাধারণ মানুষকে দীর্ঘ অপেক্ষা করতে হয়। শিল্প ও ব্যবসার ক্ষেত্রেও একই সমস্যার মুখে পড়তে হয় আবেদনকারীদের। অথচ বিভিন্ন আইন ও সরকারি বিধিতে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন বিবেচনা না করা হলে কিছু ক্ষেত্রে তা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর বলে ধরে নেওয়ার নিয়ম রয়েছে। প্রশাসনিক পরিভাষায় এই ব্যবস্থার নাম ‘ডিমড অ্যাপ্রুভাল’ বা ‘ডিমড গ্র্যান্ট’। এবার এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট আধিকারিকের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখতে চাইছে রাজ্য সরকার।
মুখ্যসচিবের নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তি না হওয়ার ফলে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে বিবেচিত হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে কৈফিয়ত চাইতে হবে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটির নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তা জানিয়ে শোকজ নোটিস পাঠাতে হবে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে হবে। তাঁর জবাব খতিয়ে দেখার পর প্রযোজ্য চাকরিবিধি মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। অর্থাৎ, শুধুমাত্র আবেদন ঝুলে থাকার বিষয়টি নয়, তার পিছনে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের গাফিলতি রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
এছাড়াও প্রশাসনিক স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে প্রতিটি দফতরকে নিয়মিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসে কতগুলি আবেদন স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হয়েছে, কতজন আধিকারিককে শোকজ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত হিসাব জমা দিতে হবে। পাশাপাশি ২০১৩ সালের পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন অনুযায়ী পরিষেবা প্রদানের নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। দফতরের প্রধানদের নিয়মিত এই বিষয়গুলি পর্যালোচনা করতে বলা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়াতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নতুন শিল্পনীতিও ঘোষণা করেছে সরকার। শিল্প স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন দফতরের এনওসি, লাইসেন্স ও অনুমোদন প্রয়োজন হয়। ফলে এই সমস্ত কাজে দীর্ঘসূত্রিতা এড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সরকারি পরিষেবায় দ্রুততা আনা, প্রশাসনিক আধিকারিকদের দায়িত্বশীল করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নবান্নের এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন