সমকালীন প্রতিবেদন : সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই জিতে নেওয়া গেল সোনার গয়না! শুনতে অবাক লাগলেও এমনই অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছিল বনগাঁর নিউ সিংহ জুয়েলার্স মেগা শপ। দুর্গাপুজোকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ সেলফি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আট থেকে আশি বছর বয়সি বহু পুরুষ ও মহিলা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সোনার গয়না ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। সংস্থার এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি পুরস্কারপ্রাপকেরা।
উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, এবছর দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বনগাঁর ট-বাজার এলাকার নিউ সিংহ জুয়েলার্সের শোরুমের সামনে একটি বিশেষ সেলফি জোন তৈরি করা হয়েছিল। সেখানে যে কেউ এসে নিজের পছন্দমতো ছবি তুলতে পারতেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোনও বিশেষ বয়সের সীমাবদ্ধতা ছিল না। ওই সেলফি জোনে দাঁড়িয়ে ছবি তুলে সংস্থার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করাই ছিল প্রতিযোগীদের মূল কাজ। এই সুযোগ পেয়ে কয়েকশো মানুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পরবর্তীতে প্রতিযোগীদের পোস্ট করা ছবির লাইক, শেয়ার এবং ভিউয়ের সংখ্যা বিচার করে বিজয়ীদের নির্বাচন করা হয়। সেই অনুযায়ী একজনকে প্রথম, দুজনকে যুগ্মভাবে দ্বিতীয় এবং তিনজনকে তৃতীয় স্থানাধিকারী হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি আরও ১০ জনকে বিশেষ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ছিল সোনার নেকলেস। দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় সোনার কানবালা এবং তৃতীয় পুরস্কার হিসেবে সোনার কানপাশা। অন্যদিকে, বিশেষ পুরস্কারপ্রাপকদের হাতে তুলে দেওয়া হয় সোনার শোপিস। এছাড়াও প্রত্যেক বিজয়ীর জন্য ছিল একটি করে কফি মগ।
প্রথম পুরস্কার পেয়েছেন শর্মিষ্ঠা ঘোষ বর্ধন। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন অনুভা মণ্ডল ও শুক্লা দাও। তৃতীয় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা সরকার, শ্রেয়া দত্ত ও মিসকা হালদার। বিশেষ পুরস্কার পেয়েছেন মৌলী ভৌমিক, তপন মল্লিক, শুক্লা সরকার, আদ্রিকা ঘোষ, শিঞ্জিনী ঘোষ, প্রিয়া মণ্ডল, প্রীতিকনা চ্যাটার্জী, মিতা ঘোষাল, অন্মেষা দাও এবং মোনালিসা চক্রবর্তী।
সোমবার রাতে নিউ সিংহ জুয়েলার্সের শোরুমে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার কর্ণধার রতন সিনহা, কনিকা সিনহা ও প্রীতি সিনহা। পুজোর আনন্দকে আরও আকর্ষণীয় করে তুলতে সংস্থার এই অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনার গয়না জেতার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরাও।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন