Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

লাইসেন্স ছাড়াই চলছিল মিষ্টির ব্যবসা! বনগাঁয় দোকান বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দপ্তরের

 

Sweets-business

সমকালীন প্রতিবেদন : ‌উৎসব হোক কিংবা বিশেষ কোনও অনুষ্ঠান, বাঙালির খাবারের তালিকায় মিষ্টি থাকবেই। কিন্তু সেই মিষ্টি কতটা স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে ক্রেতাদের মধ্যে। এবার মিষ্টির গুণগত মান এবং দোকানের স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে বনগাঁ শহরের একাধিক মিষ্টির দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। আর সেই অভিযানেই সামনে এল চাঞ্চল্যকর ছবি। বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল একটি মিষ্টির দোকানের ব্যবসা। শুধু তাই নয়, অপরিচ্ছন্ন কারখানার মেঝেতে তৈরি হচ্ছিল মিষ্টি। পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দপ্তরের আধিকারিকরা।

বৃহস্পতিবার বনগাঁ পুলিশ প্রশাসন এবং বনগাঁ পুরসভার সহযোগিতায় শহরের বিভিন্ন মিষ্টির দোকানে এই বিশেষ অভিযান চালানো হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দোকানগুলিতে ঢুকে খাবারের গুণগত মান থেকে শুরু করে মিষ্টি তৈরির কারখানার পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখেন। মূলত সাধারণ মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান বলে জানা গেছে।

অভিযান চলাকালীন বনগাঁর খুলনা ডেয়ারি নামে একটি মিষ্টির দোকানে একাধিক অনিয়ম নজরে আসে আধিকারিকদের। তাঁদের পর্যবেক্ষণে, দোকানটির ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ছিল না। পাশাপাশি মিষ্টি তৈরির কারখানার পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। কারখানার নোংরা মেঝেতেই মিষ্টি তৈরির বিষয়টি আধিকারিকদের নজরে আসে। খাবার তৈরির ক্ষেত্রে এমন অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের পক্ষে উদ্বেগজনক বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এরপরই দোকানটি বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়।

অন্যদিকে, বনগাঁর ট-বাজার এলাকার পরিচিত মৌচাক মিষ্টির দোকানেও পৌঁছান খাদ্য সুরক্ষা দপ্তরের প্রতিনিধিরা। সেখানে মিষ্টি তৈরির কারখানার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় পরীক্ষা করা হয়। পরিদর্শনের পর দোকান কর্তৃপক্ষকে বেশ কিছু বিষয়ে সতর্ক করেন আধিকারিকরা।

এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই শহরের মিষ্টি ব্যবসায়ীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে ক্রেতাদের মধ্যেও খাবারের গুণগত মান নিয়ে সচেতনতা বাড়ার প্রশ্ন সামনে এসেছে। প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষ কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পাবেন, এখন সেটাই দেখার। আগামী দিনেও শহরের অন্যান্য খাবারের দোকানে এ ধরনের নজরদারি ও অভিযান চালানো হয় কি না, সেদিকেই তাকিয়ে বনগাঁর বাসিন্দারা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন