সমকালীন প্রতিবেদন : দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আগামী আগস্ট মাসে দ্বীপরাষ্ট্রের মাটিতে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার এই হাইভোল্টেজ সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবেন শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার সমীকরণ মাথায় রেখে দুই দলের কাছেই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ আগস্ট গলের বিখ্যাত আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় তথা শেষ টেস্টে দুই দল মুখোমুখি হবে ২৩ থেকে ২৭ আগস্ট, কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে। এর আগে ২০১৭ সালে শেষবার শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেছিল ভারত। সেবার তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে লঙ্কাবাহিনীকে তাদের ঘরের মাঠেই ৩-০ ব্যবধানে চূর্ণ করেছিল টিম ইন্ডিয়া। শুধু ২০১৭ নয়, ২০১৫ সালের সফরেও প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল ‘মেন ইন ব্লু’। এবারও সেই দাপট ধরে রাখার চ্যালেঞ্জ ভারতীয় শিবিরের সামনে।
তবে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থানই বেশ নড়বড়ে। এই মুহূর্তে ৯টি টেস্ট খেলে ৪৮.১৫ পয়েন্ট শতাংশ নিয়ে ভারত রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে লঙ্কাবাহিনী পরাজিত হওয়ায় ভারত সামান্য সুবিধাজনক অবস্থায় পৌঁছেছে এবং চতুর্থ স্থান থেকে এক ধাপ উপরে ওঠার সুযোগ পেয়েছে। অন্য দিকে, টানা হারের ধাক্কায় তিন ধাপ পিছিয়ে ৪৪.৪৪ পয়েন্ট শতাংশ নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজটি দুই দলের জন্যই ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি করেছে।
এই সিরিজে ক্রিকেটপ্রেমীদের মূল নজর থাকবে শ্রীলঙ্কার ঘূর্ণি উইকেটে লঙ্কান স্পিনারদের বিরুদ্ধে কেএল রাহুল, শুভমান গিলদের ব্যাটিং দক্ষতার ওপর। শুভমান গিলের নেতৃত্বে ভারতের চলতি ডব্লিউটিসি অভিযান শুরু হয়েছিল ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারালেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ হেরে বড় ধাক্কা খায় ভারত। যার ফলে লর্ডসের ফাইনালের টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
মাঝে জুনে নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একটি একমাত্র টেস্ট খেললেও তা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। শ্রীলঙ্কা সফরের পরেও ভারতের সামনে রয়েছে কঠিন সূচি। নভেম্বরে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে তারা। এরপর আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মর্যাদাপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের লড়াইয়ে নামবে ভারত। তার আগে শ্রীলঙ্কা জয় করে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই মূল লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের।
এক নজরে ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট, গল আন্তর্জাতিক স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট, কলম্বো (সিংহলী স্পোর্টস ক্লাব)








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন