সমকালীন প্রতিবেদন : গোপন সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে এক বড়সর মাদক কারবারের পর্দাফাঁস করল পুলিশ। বনগাঁ থানা এলাকার উত্তর কালুপুর খড়ের মাঠ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ, নগদ টাকা এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গৃহকর্তা, তার ছেলে এবং নদীয়া থেকে সিরাপ কিনতে আসা এক কারবারীসহ মোট তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত মূল অভিযুক্তের নাম প্রহ্লাদ মণ্ডল ওরফে 'খুদে'। পেশায় রংমিস্ত্রি প্রহ্লাদ প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে আসে এবং কালুপুর এলাকায় জমি কিনে বাড়ি বানায়। তার বিরুদ্ধে অতীতেও আন্তর্জাতিক গরু পাচার মামলায় জড়িত থাকা ও জেল খাটার অভিযোগ রয়েছে। এই কারবারে তার সঙ্গে যুক্ত ছিল ছেলে বাপি মণ্ডলও।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উত্তর কালুপুর খড়ের মাঠ এলাকায় প্রহ্লাদের বাড়িতে আচমকা অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ঘর থেকে উদ্ধার হয় ৬২৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। সেই সময় নদীয়া জেলা থেকে এই কাফ সিরাপ কিনতে এসেছিল হাসিবুল শাহ নামে অপর এক মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকেই তাকে এবং বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পাচার ও বেচাকেনায় ব্যবহৃত একটি স্কুটি এবং নগদ ৮০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, সীমান্ত সংলগ্ন এই এলাকাকে ঘাঁটি বানিয়ে দীর্ঘ দিন ধরেই নিষিদ্ধ কাফ সিরাপের কালোবাজারি চালিয়ে আসছিল এই চক্রটি। নদীয়ার কারবারী হাসিবুল কীভাবে এই চক্রের সঙ্গে যুক্ত হল এবং এই চোরাচালানের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধৃত তিনজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন