Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ মে, ২০২৬

আইপিএলের মঞ্চ থেকে ভারত ‘এ’ দলে, সচিনের রেকর্ড ভাঙার দোরগোড়ায় ১৫ বছরের বৈভব সূর্যবংশী

 ‌

Vaibhav-in-India -A'-Squad

আজকালের প্রতিবেদন : ভারতের ঘরোয়া ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের আঙিনায় ফের এক বিস্ময় বালকের উত্থান ঘটল। এত দিন ধরে যাকে ভারতের অনূর্ধ্ব-১৯ ও এমার্জিং দলের জার্সিতে মাঠ কাঁপাতে দেখা গিয়েছে, সেই বৈভব সূর্যবংশী এই প্রথম বার ভারতের বড়দের দলে অর্থাৎ ভারত ‘এ’ দলে ডাক পেল। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অতিমানবিক পারফরম্যান্সের দুর্দান্ত পুরস্কার হাতে-হাতে পেল বিহারের এই ১৫ বছর বয়সি বাঁহাতি ওপেনার।

আগামী জুন মাসে শ্রীলঙ্কার মাটিতে একটি ত্রিদেশীয় এক দিনের সিরিজ খেলতে নামছে ভারত ‘এ’ দল। তিলক বর্মার নেতৃত্বে ভারত ও আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে আফগানিস্তান ‘এ’ দল। আসন্ন এই সফরের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দলে জায়গা করে নিয়েছে বৈভব। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যদি ভারত ‘এ’ দলের হয়ে এই ত্রিদেশীয় সিরিজে বৈভব নিজের চেনা ছন্দ বজায় রাখতে পারে, তবে খুব দ্রুত জাতীয় টি-টোয়েন্টি দলেও তার অভিষেক ঘটে যেতে পারে। 

আর তেমনটা হলে, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ভারতীয় দলের জার্সিতে খেলার এক অনন্য নজির গড়বে সে, যা ভেঙে দেবে খোদ ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের বহু বছরের অক্ষত রেকর্ডটি। চলতি আইপিএল মরসুম শেষ হওয়ার ঠিক পরেই শুরু হতে চলেছে এই ত্রিদেশীয় সিরিজ। আগামী ৯ জুন থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২১ জুন পর্যন্ত। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচও খেলার কথা রয়েছে ভারতীয় দলের। তবে সেই বড় ফরম্যাটের দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

এ বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছে বৈভব। এখনো পর্যন্ত খেলা ১১টি ম্যাচে তার সংগ্রহ ৪৪০ রান। তবে রান সংখ্যার চেয়েও বিশেষজ্ঞদের বেশি নজর কেড়েছে তার বিধ্বংসী ব্যাটিং স্ট্রাইক রেট। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২৩৬.৫৫ স্ট্রাইক রেটে রান তুলেছে এই কিশোর। ৪০ ব্যাটিং গড়ের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে একটি অনবদ্য শতরান (সর্বাধিক ১০৩ রান) ও দু’টি অর্ধশতরান। 

এই মুহূর্তে আইপিএলের কমলা টুপি বা ‘অরেঞ্জ ক্যাপ’-এর দৌড়ে সাত নম্বরে অবস্থান করছে বৈভব। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, কমলা টুপির তালিকায় শুভমন গিল ছাড়া বৈভবের উপরে থাকা বাকি ছয় ব্যাটারই তার থেকে একটি করে ম্যাচ বেশি খেলেছেন। এর আগে চলতি বছরে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাতে প্রধান কাণ্ডারির ভূমিকা পালন করেছিল বৈভব সূর্যবংশী। 

বিশেষ করে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার খেলা ১৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংসটি ক্রিকেট মহলে দীর্ঘদিন চর্চায় থাকবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেই বিধ্বংসী ফর্মই সে অনায়াসে টেনে এনেছে আইপিএলের মঞ্চে। আর তার এই ধারাবাহিক ব্যাটিং বিস্ফোরণ দেখেই প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট পণ্ডিতেরা তাকে দ্রুত সিনিয়র ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুলেছিলেন। অবশেষে নির্বাচকেরা আর দেরি না করে ভারত ‘এ’ দলে সুযোগ দিলেন এই প্রতিভাকে।

ঘোষিত ভারত ‘এ’ দল:

তিলক বর্মা (অধিনায়ক), রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, আয়ুষ বদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেরগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিং, অংশুল কম্বোজ ও আরশাদ খান।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন