সমকালীন প্রতিবেদন : নবান্নের অন্দরে আমলাতান্ত্রিক পেশাদারিত্ব ফিরিয়ে আনতে এবার আসরে নামলেন নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পর সব দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত প্রথম বৈঠকেই ১৯৯০ ব্যাচের এই আইএএস আধিকারিক স্পষ্ট করে দিলেন, নতুন জমানায় ‘রাজনৈতিক দাসত্ব’ নয়, কাজ হবে কেবল আইনের ভিত্তিতে। প্রশাসনিক মহলের মতে, এই বার্তার মাধ্যমে তিনি বিগত জমানার আধিকারিকদের মেরুদণ্ড সোজা রেখে নিরপেক্ষভাবে কাজ করার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন।
এ দিনের বৈঠকে আধিকারিকদের আত্মবিশ্বাস জোগাতে মুখ্যসচিব বলেন, “আইএএস অফিসার হিসেবে আপনারা নিজেদের দায়িত্ব পালন করুন। কাজ করলে শিরদাঁড়া বাঁকাতে হয় না, তাই শিরদাঁড়া শক্ত রেখেই কাজ করুন।” এর পাশাপাশি তিনি সুনির্দিষ্ট কিছু নির্দেশিকা জারি করেন। রাজ্যে এতদিন থমকে থাকা আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে প্রতিটি দপ্তরকে দ্রুত ব্লু-প্রিন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে পড়ে থাকা দীর্ঘদিনের শূন্যপদগুলিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়টিও এ দিনের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
মুখ্যসচিবের প্রশাসনিক তৎপরতার সমান্তরালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জেলা প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশে তাঁর স্পষ্ট নির্দেশ– গরু, কয়লা বা বালি পাচারের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে। বিশেষত সীমান্ত বা রাজ্য সড়কে কোনোভাবেই বেআইনি পাচার বরদাস্ত করা হবে না। পাশাপাশি, প্রোমোটিং ক্ষেত্রে সিন্ডিকেট রাজ বা তোলাবাজি এবং সরকারি জমি জবরদখল রুখতে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজ আগরওয়ালের নিরপেক্ষ ভূমিকা প্রশাসনিক মহলে প্রশংসিত হয়েছিল। তাঁর হাতে মুখ্যসচিবের দায়িত্বভার অর্পণ এবং অভিজ্ঞ আমলা সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘটনাটি ইঙ্গিত দেয় যে, নতুন সরকার আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বদ্ধপরিকর। বিধায়কদের শপথের পর এবার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বসে থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলি দ্রুত গতিতে শুরু করার জন্য।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন