Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ মে, ২০২৬

আইপিএল শেষে বড় রদবদলের ইঙ্গিত: নেতৃত্ব হারাতে পারেন রাহানে-পন্থ-অক্ষর

 ‌

Leadership-Reshuffle

সমকালীন প্রতিবেদন : শেষ লগ্নে এসে পৌঁছেছে চর্তুদশ আইপিএলের গ্রুপ পর্বের লড়াই। আগামী ৩১ মে মেগা ফাইনালে কার মাথায় উঠবে সেরার মুকুট, তা নিয়ে যখন ক্রিকেট মহলে উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই ফ্র্যাঞ্চাইজির অন্দরে শুরু হয়েছে এক ভিন্ন হিসাবনিকেশ। সূত্রের খবর, চলতি মরশুম শেষ হওয়ার পরেই অন্তত তিনটি হেভিওয়েট দল তাদের অধিনায়ক পরিবর্তনের পথে হাঁটতে চলেছে। পারফরম্যান্সের ব্যর্থতায় ব্রাত্য হওয়ার তালিকায় প্রথমেই উঠে আসছে কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে, লখনউয়ের ঋষভ পন্ত এবং দিল্লির অক্ষর প্যাটেলের নাম।

আইপিএলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সাফল্য না পেলে অধিনায়কের গদি হারানো এখানে জলভাত। অতীতে রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিকেও মাঝপথে নেতৃত্ব ছাড়তে হয়েছে। তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক, গৌতম গম্ভীর কিংবা শিখর ধাওয়ানের মতো তারকারাও। এমনকি পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এই নির্মম সত্যের ঊর্ধ্বে নন। রাইজিং পুণে সুপারজায়ান্টস যখন ধোনিকে সরিয়ে স্টিভ স্মিথকে দায়িত্ব দিয়েছিল, তখন শোরগোল পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। সেই একই ছক এবার দেখা যেতে পারে তিন ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে।

সবচেয়ে বেশি চর্চা চলছে ঋষভ পন্তকে নিয়ে। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দর দিয়ে তাঁকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু কোটি কোটি টাকার লগ্নি যে মাঠে সেভাবে ফলপ্রসূ হয়নি, তা লখনউয়ের বর্তমান পয়েন্ট টেবিল দেখলেই স্পষ্ট। সঞ্জীব গোয়েঙ্কার দলের মোহভঙ্গ হয়েছে পন্তের অধিনায়কত্ব এবং ব্যাটিং– উভয় ক্ষেত্রেই। লখনউ ইতিমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে যাওয়ায় পন্তের বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের ছবিটাও প্রায় একই রকম। গত দু’বছর ধরে অক্ষর প্যাটেল দলকে নেতৃত্ব দিলেও ধারাবাহিকতার চরম অভাব লক্ষ্য করা গিয়েছে। প্রতিবারই দল শুরুতে দাপট দেখালেও মাঝপথে খেই হারিয়ে ফেলছে। আগামী বছর দিল্লির ম্যানেজমেন্টে বড়সড় রদবদল হওয়ার কথা রয়েছে, যার প্রথম বলি হতে পারেন অক্ষর নিজেই।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেও। যদিও কেকেআর এবার প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে, কিন্তু রাহানের নেতৃত্ব দেওয়ার ধরন এবং ব্যক্তিগত ফর্ম নিয়ে খুশি নন ম্যানেজমেন্টের একাংশ। আগামী মরশুমের আগে দল গুছিয়ে নেওয়ার লক্ষ্যেই রাহানেকে সরিয়ে নতুন মুখ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে নাইট শিবির।

সব মিলিয়ে ৩১ মের ফাইনালের পরেই আইপিএলে শুরু হতে চলেছে এক নতুন সমীকরণ। যেখানে ট্রফি জয়ের আনন্দের চেয়েও নেতৃত্বের কোপ পড়ার আশঙ্কায় অনেক তারকাই এখন ঘোর অনিশ্চয়তায়। আগামী কয়েক দিনে এই জল্পনা যে আরও জোরালো হবে, তা বলাই বাহুল্য।‌‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন