সমকালীন প্রতিবেদন : দেশের ইতিহাসে এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে চলেছে জনগণনা। সাধারণ মানুষের সুবিধার্থে এবং প্রক্রিয়াটিকে আরও আধুনিক করতে এতে যুক্ত করা হয়েছে ‘সেল্ফ এনুমারেশন’ বা স্ব-শুমারি ব্যবস্থা। ফলে নাগরিকেরা নিজেদের গণনার তথ্য নিজেরাই অনলাইনে নথিবদ্ধ করতে পারবেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিন সময়টি স্ব-শুমারির জন্য নির্দিষ্ট করা হয়েছে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ https://se.census.gov.in পোর্টালে লগ ইন করে স্ব-শুমারির কাজ সম্পন্ন করতে পারবেন। পোর্টালে ঢুকে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন এবং ক্যাপচা কোড দেওয়ার পর বাড়ির প্রধানের নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে।
এরপর পছন্দের ভাষা বেছে নিয়ে মোবাইলে আসা ওটিপি-র মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন হবে। পরবর্তী ধাপে জেলা, পিন কোড ও ঠিকানা দিলেই স্ক্রিনে দেখা যাবে মানচিত্র, যার সাহায্যে নিজের বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে পারবেন আবেদনকারী। শেষ ধাপে হাউসলিস্টিং সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করে পর্যালোচনা করে ‘ফাইনাল সাবমিট’ করতে হবে। জমা দেওয়া সম্পন্ন হলেই আবেদনকারীর মোবাইলে একটি ১১ অঙ্কের অনন্য ‘এসই আইডি’ পৌঁছে যাবে। পরবর্তীতে মাঠপর্যায়ে কর্মরত সরকারি গণনাকারীরা বাড়িতে এলে এই আইডিটি দেখালেই তাঁরা তথ্য যাচাই করে নির্দিষ্ট সার্ভারে আপলোড করে দেবেন।
পুরো জনগণনা প্রক্রিয়াটি মোট দুটি পর্যায়ে সম্পন্ন হতে চলেছে। প্রথম পর্যায়ে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনা। এই পর্বে প্রতিটি পরিবারের পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, রান্নার জ্বালানি, ইন্টারনেট সুবিধার পাশাপাশি বাড়ি ও গৃহস্থালির অন্যান্য সম্পদের বিবরণ সংগ্রহ করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিটি পরিবারের সদস্যদের বয়স, লিঙ্গ, জাতি ও ধর্মভিত্তিক প্রকৃত জনসংখ্যা গণনার মূল কাজটি করা হবে।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন