Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শিক্ষক বদলির নিয়মে বড়সড় রদবদলের ভাবনা, পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ কি বন্ধ হচ্ছে?

 

Teacher-Transfer-Policy

সমকালীন প্রতিবেদন : রাজ্যের শিক্ষক বদলি নীতিতে আমূল পরিবর্তন আনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘদিন ধরে চালু থাকা বদলি সংক্রান্ত একাধিক বিধি সংশোধন করে নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা করছে রাজ্য শিক্ষা দফতর। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে প্রশাসনের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। 

নতুন নীতি কার্যকর হলে বদলির ক্ষেত্রে শিক্ষকদের পছন্দের স্কুল বেছে নেওয়ার প্রচলিত ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে বদলাতে পারে উৎসশ্রী পোর্টালের নিয়মও। সূত্রের খবর, ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি এবং রি-অ্যালোকেশন সংক্রান্ত বিধি পর্যালোচনা করছে শিক্ষা দফতর। পাশাপাশি ২০১৮ সালের বদলি সংক্রান্ত নিয়ম এবং ২০২১ সালে চালু হওয়া উৎসশ্রী পোর্টালের ব্যবস্থাতেও সংশোধনের ভাবনা রয়েছে। 

এতদিন বদলির আবেদন করার সময় শিক্ষকরা পছন্দ অনুযায়ী তিনটি স্কুলের নাম উল্লেখ করতে পারতেন। কিন্তু নতুন নীতিতে সেই সুযোগ আর নাও থাকতে পারে। ব্যক্তিগত পছন্দের পরিবর্তে সংশ্লিষ্ট স্কুলের প্রকৃত শিক্ষক চাহিদাকেই অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন বদলি নীতির অন্যতম প্রধান লক্ষ্য রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক-পড়ুয়ার অনুপাতের ভারসাম্য ফিরিয়ে আনা। 

শিক্ষা দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, অতীতে বিভিন্ন কারণে শিক্ষক বদলির ফলে একাধিক স্কুলে শিক্ষক সংখ্যার অসামঞ্জস্য তৈরি হয়েছে। কোথাও পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক বেশি, আবার কোথাও পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ ও শহরাঞ্চলের স্কুলগুলির মধ্যে এই বৈষম্য দূর করতেই নতুন উদ্যোগ বলে জানা যাচ্ছে।

প্রস্তাবিত নিয়মে কোনও স্কুলে কতজন পড়ুয়া রয়েছে, তার তুলনায় কতজন শিক্ষক কর্মরত এবং সংশ্লিষ্ট বিষয়ে কতজন শিক্ষকের প্রয়োজন, তা খতিয়ে দেখা হতে পারে। যে স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন, তাঁদের অন্যত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। অন্যদিকে, যে স্কুলে শিক্ষক সংখ্যা অত্যন্ত কম, সেখানে শিক্ষক নিয়োগ বা বদলির মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করা হতে পারে। এমনকী কোনও স্কুলে মাত্র একজন শিক্ষক থাকলেও সেই পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে।

বদলির অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকার পরিবর্তে শিক্ষা দফতরকে সরাসরি বদলির অনুমোদনের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। পাশাপাশি অতিরিক্ত শিক্ষক বা 'সারপ্লাস টিচার' চিহ্নিত করার জন্য পৃথক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে নতুন নীতিতে বদলির আগে কতদিনের লক-ইন পিরিয়ড বাধ্যতামূলক থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাবিত বিধি কার্যকর করার আগে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সূত্রের ইঙ্গিত, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের মধ্যেই নতুন শিক্ষক বদলি বিধি জারি হতে পারে। ফলে নতুন নীতি কার্যকর হলে রাজ্যের হাজার হাজার শিক্ষকের বদলির প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন