সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের আকাশে পরিচিত নাম রিঙ্কু সিং। বাইশ গজে একের পর এক নজরকাড়া ইনিংস খেলে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার জীবনের বাইশ গজে শুরু হতে চলেছে তাঁর নতুন অধ্যায়। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার।
কয়েক মাস আগেই ধুমধাম করে সম্পন্ন হয়েছিল তাঁদের বাগদান পর্ব। এবার সেই সম্পর্ককে পরিণতি দিতে চূড়ান্ত হয়েছে বিয়ের দিনক্ষণ। সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর ২০২৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু ও প্রিয়া। ইতিমধ্যেই বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।
জানা গেছে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে বসতে চলেছে এই তারকা যুগলের বিয়ের আসর। শহরের রামদা বাই উইন্ডহ্যাম হোটেল ও কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শুধু দিনক্ষণ চূড়ান্ত করাই নয়, ইতিমধ্যেই নাকি ছাপানো হয়ে গিয়েছে বিয়ের আমন্ত্রণপত্রও। ক্রিকেট এবং রাজনৈতিক মহলের একাধিক পরিচিত মুখের উপস্থিতিতে এই বিয়ে যে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ। কয়েক মাস আগে রিঙ্কু ও প্রিয়ার বাগদান অনুষ্ঠানে ক্রিকেট এবং রাজনীতির জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের পর থেকেই তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে আগ্রহ ছিল অনুরাগীদের মধ্যে। এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে খবর।
এদিকে, বিয়ের প্রস্তুতির মাঝেই ক্রিকেটের ব্যস্ত সূচিও সামলাতে হচ্ছে রিঙ্কুকে। চলতি মাসের শেষের দিকে এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর দুবাই যাওয়ার কথা রয়েছে। ফলে মাঠে নামার আগে পারিবারিক অনুষ্ঠানের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চাইছেন তিনি। সম্প্রতি দীপাবলি উপলক্ষে আলিগড়ে নিজের বাড়িতে গিয়েছিলেন ক্রিকেটার। পরিবারের সদস্যদের সঙ্গে উৎসব কাটানোর পাশাপাশি বিয়ের আয়োজন নিয়েও আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আলিগড় থেকে প্রায় ১০০ জন অতিথি এই বিয়েতে যোগ দিতে পারেন। এ ছাড়াও রাজনৈতিক নেতা, পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিয়েতে আমন্ত্রণ জানাতে আগ্রহী রিঙ্কু। সেই উদ্দেশ্যে মা ও ভাইকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তাঁর। লখনউ গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে ব্যক্তিগতভাবে আমন্ত্রণপত্র তুলে দিতে পারেন ক্রিকেটার। যদিও সাক্ষাতের সময় এখনও নিশ্চিত হয়নি।
রিঙ্কুর জীবনে এই বিয়ের আনন্দের পাশাপাশি রয়েছে আবেগের অধ্যায়ও। চলতি বছরের শুরুতেই বাবাকে হারিয়েছেন তিনি। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবার অনুপস্থিতি যে পরিবারের কাছে বড় শূন্যতা হয়ে থাকবে, তা বলাই যায়। তাই পরিবারের প্রত্যেক সদস্যকে পাশে নিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন করতে চাইছেন রিঙ্কু। ক্রিকেটের মাঠের পরিচিত তারকার জীবনে এবার নতুন ইনিংস শুরুর অপেক্ষা। আগামী ৪ ডিসেম্বর রিঙ্কু-প্রিয়ার চার হাত এক হওয়ার খবরে এখন থেকেই উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন