Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নিখোঁজ যুবককে উদ্ধার ‌করে পরিবারের হাতে তুলে দিল গাইঘাটা থানার পুলিশ

 

Missing-youth-rescued

সমকালীন প্রতিবেদন : সাত দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের তৎপরতায় বাড়ি ফিরলেন এক যুবক। মানসিক সমস্যায় আক্রান্ত ওই যুবককে উদ্ধার করে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দিল গাইঘাটা থানার পুলিশ। পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মধ্যে। পুলিশের ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের নাম বিপুল মুণ্ডারী। বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর বাড়ি নদিয়া জেলার হাঁসখালি থানার ছোট চুবরী গ্রামে। ছোটবেলা থেকেই পিসির কাছে বড় হয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে তাঁর মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে গত রবিবার রাতে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যান বিপুল। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

এদিকে, শুক্রবার রাতে গাইঘাটা থানার ফুলশরা চৈতাপাড়া এলাকায় ওই যুবককে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁর অসংলগ্ন আচরণ দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। এরপর যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে পুলিশের কাছে নিজের পরিচয় জানাতে গিয়ে সমস্যায় পড়েন বিপুল। তিনি শুধু নিজের নাম এবং বাড়ি হাঁসখালি এলাকায় বলে জানাতে পারছিলেন। নিজের ঠিকানা বা পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দিতে পারছিলেন না। ফলে তাঁর পরিচয় এবং পরিবারের সন্ধান পেতে উদ্যোগী হয় পুলিশ। বিভিন্নভাবে খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাঁসখালি থানার সঙ্গেও যোগাযোগ করা হয়।

শেষ পর্যন্ত হাঁসখালি থানার মাধ্যমে বিপুলের পরিবারের কাছে খবর পৌঁছে দিতে সক্ষম হয় গাইঘাটা থানার পুলিশ। খবর পেয়ে তাঁর দুই পিসি এবং মামা গাইঘাটা থানায় এসে উপস্থিত হন। প্রয়োজনীয় পরিচয় যাচাইয়ের পর তাঁদের হাতে বিপুলকে তুলে দেওয়া হয়।

দীর্ঘ সাত দিন ধরে নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আত্মীয়রা। প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁরা। একই সঙ্গে দ্রুত পদক্ষেপ করে যুবককে উদ্ধার এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য গাইঘাটা থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন