Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মুম্বই ইন্ডিয়ান্সে যোগদানের পরই বাগদানের মধ্যে দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু অর্শদীপের

 ‌

Arshdeep-Singh

সমকালীন প্রতিবেদন : ক্রিকেটের মাঠে সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের তারকা পেসার অর্শদীপ সিং। সদ্য পাঞ্জাব কিংস ছেড়ে আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন তিনি। সেই খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক সুখবর। দীর্ঘদিনের প্রেমিকা তথা পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল সমরীন কৌরের সঙ্গে বাগদান সারলেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। 

সমাজমাধ্যমে নিজেদের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে অনুরাগীদের এই সুখবর দিয়েছেন যুগল। তাঁদের বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। প্রকাশিত ছবিগুলিতে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের হ্যামিল্টনের মনোরম পরিবেশে নদীর ধারে একেবারে সিনেমার রোম্যান্টিক দৃশ্যের মতো প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন অর্শদীপ। হাঁটু মুড়ে বসে সমরীনের হাতে হিরের আংটি পরিয়ে দিচ্ছেন তিনি। 

অন্য একটি ছবিতে দু'জনকে একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে। জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে সমরীন লিখেছেন, জীবনের অসংখ্য উপহারের মধ্যে একে অপরকে খুঁজে পাওয়াই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এবার একসঙ্গে আজীবন পথ চলার পালা। পোস্টের শেষে অর্শদীপকে নিজের 'ফিয়ঁসে' বলেও সম্বোধন করেছেন তিনি। ১১.১১.২০২৬ তারিখটিও বিশেষভাবে উল্লেখ করেছেন অভিনেত্রী।

এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা প্রকাশ্যে মুখ খোলেননি অর্শদীপ ও সমরীন। কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট, কখনও একসঙ্গে হাত ধরে ছবি, আবার কখনও আড়াল থেকে ভাগ করে নেওয়া মুহূর্তের মাধ্যমে প্রেমের আভাস দিয়েছেন তাঁরা। প্রায় এক বছর ধরেই দু'জনকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা যাচ্ছিল। মাস তিনেক আগে সমাজমাধ্যমে আদুরে পোস্টের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা কার্যত স্বীকার করে নেন অর্শদীপ। এবার বাগদানের মাধ্যমে সেই সম্পর্ক পেল নতুন স্বীকৃতি।

তবে বাগদানের সুখবর প্রকাশের কয়েক দিন আগেই অনলাইনে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল সমরীনকে। গত ১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কয়েকজন নেটিজেনের অভিযোগ ছিল, অর্শদীপের জনপ্রিয়তা ও অর্থের কারণেই নাকি তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সেই অভিযোগের কড়া জবাব দিয়ে সমরীন জানান, মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি নিজের উপার্জনের পথ তৈরি করেছেন। কারও খ্যাতি বা অর্থের উপর নির্ভর করে জীবন কাটানোর প্রয়োজন তাঁর নেই।

কে এই সমরীন কৌর? পাঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ ২৬ বছর বয়সি এই অভিনেত্রী ও মডেল। জম্মু ও কাশ্মীরে জন্ম তাঁর। ২০১৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করে রাজ্য ফাইনালিস্ট হয়েছিলেন। সেখান থেকেই বিনোদন জগতে পরিচিতি বাড়তে শুরু করে। বাদশা, গুরু রনধাওয়া, জুবিন নটিয়াল এবং মনিন্দর বুট্টারের মতো জনপ্রিয় শিল্পীদের একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বিশেষ করে 'বাওলা' এবং 'তুঝে ভুলনা তো চাহা'র মতো গানের ভিডিও তাঁকে পরিচিতি এনে দেয়।

বড় পর্দাতেও কাজ করেছেন সমরীন। কবীর খান পরিচালিত ২০২১ সালের ছবি '৮৩'-তে সিমরন সিংয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে বলবিন্দর সিং সান্ধুর বাগদত্তার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও 'নেল পলিশ' এবং পাঞ্জাবি ছবি 'সরদার জি ২'-তেও কাজ করেছেন তিনি।

অন্যদিকে, বর্তমানে ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে রয়েছেন অর্শদীপ। মাঠের বাইরেও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখলেন তিনি। ক্রিকেটীয় কেরিয়ারে নতুন দল, আর ব্যক্তিগত জীবনে নতুন সম্পর্কের স্বীকৃতি– সব মিলিয়ে ১১ নভেম্বর দিনটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকল এই তারকা পেসারের কাছে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন