সমকালীন প্রতিবেদন : পালাবদলের পর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু স্বীকৃতিই নয়, উৎসবের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এবছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
তবে উৎসবের জৌলুস বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা, শৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন ও কেন্দ্রীয় পুজো কমিটি। সেই লক্ষ্যেই একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। চোরবাগানের ঘটনার পর এবার সমস্ত পুজো মণ্ডপে ভিআইপি প্রবেশের সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জনের সময় ডিজে এবং সব ধরনের আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।
আলোকসজ্জা, ঐতিহ্যবাহী প্রতিমা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি দেশ-বিদেশে। রাজ্য উৎসবের তকমা পাওয়ার পর এবারের আয়োজনকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তুলতে তৎপর উদ্যোক্তারা। শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার নতুন করে পাঁচটি সেক্টর বাড়ানো হয়েছে। ফলে মোট সেক্টরের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। তাঁদের সহযোগিতায় থাকবেন ১৭৫ জন স্বেচ্ছাসেবক। অর্থাৎ, সব মিলিয়ে ২০০ জন কর্মী শোভাযাত্রা পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সামলাবেন।
প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চন্দননগর থানার অধীনে আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছয়টি ঘাট নির্ধারণ করা হয়েছে। ওই নির্দিষ্ট ঘাটগুলিতেই প্রতিমা বিসর্জন করতে হবে পুজো কমিটিগুলিকে। কেন্দ্রীয় পুজো কমিটির নির্দেশিকা অনুযায়ী, কোনও মণ্ডপে ভিআইপি গেট কিংবা ভিআইপি পাসের ব্যবস্থা রাখা যাবে না।
শব্দের মাত্রা নিয়ন্ত্রণে নির্দিষ্ট বিধি মানতে হবে। ডিজে সাউন্ডের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিটি মণ্ডপের ভিতরে প্রতিমার দিকে মুখ করে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক। শোভাযাত্রা ও নিরঞ্জনের সময় প্রতিটি প্রতিমাবাহী গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। পুজোর উদ্বোধন থেকে বিসর্জন, কোনও পর্যায়েই আতশবাজি পোড়ানো বা ফাটানো যাবে না।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এবারের শোভাযাত্রার রূপরেখা প্রকাশ করেন কেন্দ্রীয় পুজো কমিটির সদস্যরা। সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, আগামী ১৯ নভেম্বর শোভাযাত্রা ও নিরঞ্জন অনুষ্ঠিত হবে। মোট ৬৮টি পুজো কমিটি এতে অংশ নেবে। চন্দননগর থানার অধীনে ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ১২টি শোভাযাত্রা হবে। সব মিলিয়ে অংশ নেবে ২৪৫টি লরি। এর মধ্যে চন্দননগরের ২০১টি এবং ভদ্রেশ্বরের ৪৪টি লরি রয়েছে।
কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ রাজ্য উৎসবের স্বীকৃতির জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, শুক্রবার, ১৩ নভেম্বর চন্দননগরের প্রাচীনতম আদি মায়ের পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতার ইডেন গার্ডেন্সের আদলে বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ঐতিহ্য ও উৎসবের জৌলুসের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার দিক থেকেও এবারের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিশেষ তাৎপর্য পেতে চলেছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন