সমকালীন প্রতিবেদন : বনগাঁ মহকুমার বিভিন্ন মিষ্টির দোকান ও মিষ্টি তৈরির কারখানায় হানা দিল পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তর। বনগাঁ পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে সোমবার একাধিক এলাকায় এই অভিযান চালানো হয়। মিষ্টি তৈরির পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযানে বেশ কয়েকটি মিষ্টির দোকান ও কারখানায় গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের। কোথাও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে মিষ্টি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। আবার কোনও কোনও কারখানায় দেখা যায় ইঁদুর ও আরশোলার উপদ্রব। মিষ্টি তৈরির জায়গার আশপাশে অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা।
খাদ্যদ্রব্য তৈরির জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, কর্মীদের পরিচ্ছন্নতা এবং মিষ্টি তৈরির উপকরণ কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, এইরকম একাধিক বিষয় খতিয়ে দেখা হয় অভিযানের সময়। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাদ্য তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন আধিকারিকরা।
অভিযানে অনিয়ম ও অপরিচ্ছন্নতা ধরা পড়ায় বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বনগাঁ পুরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট দোকানগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
প্রশাসনের এই অভিযানে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। তবে সাধারণ মানুষের বক্তব্য, বাজার থেকে কেনা মিষ্টি স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে কি না, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আগামী দিনেও বনগাঁ মহকুমার বিভিন্ন খাবারের দোকান ও মিষ্টির কারখানায় এমন অভিযান চালানো হবে কি না, এখন সেদিকেই নজর।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন