সমকালীন প্রতিবেদন : পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা পুলিশের নাম ভাঙিয়ে তোলাবাজির চক্রের পর্দাফাঁস করল স্থানীয় থানার পুলিশ। প্রশাসনিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষ ও পথচারীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পেট্রাপোল বন্দর এলাকায় এক শ্রেণির অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছিল। তারা নিজেদের পুলিশের লোক বা প্রশাসনের ঘনিষ্ঠ দাবি করে সীমান্ত এলাকায় যাতায়াতকারী ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। সম্প্রতি এই বিষয়ে একাধিক নির্দিষ্ট অভিযোগ জমা পড়ে পেট্রাপোল থানায়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্তে নামে পেট্রাপোল থানার পুলিশ। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জয়ন্তীপুরের বাসিন্দা রাজু দেবনাথ এবং হরিদাসপুরের বাসিন্দা নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করে।
এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানান, ধৃত দু’জন পুলিশের নাম ভাঙিয়ে পেট্রাপোল সীমান্ত এলাকায় অবৈধভাবে টাকা তুলছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধরনের তোলাবাজি ও অসাধু চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, শুক্রবার ধৃত রাজু ও নিমাইকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। এদের সঙ্গে এই তোলাবাজি চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন