Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কৃষি উপকরণের অন্যায্য মূল্যবৃদ্ধি: বনগাঁয় এগ্রি ডিলার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

 

Highrices-of-agricultural-inputs

সমকালীন প্রতিবেদন : কৃষিকাজে ব্যবহৃত সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় কৃষি সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনগাঁয় সরব হলেন স্থানীয় ব্যবসায়ীরা। 'উত্তর ২৪ পরগনা এগ্রি ডিলার্স অ্যাসোসিয়েশন'-এর ব্যানারে বুধবার বনগাঁ কৃষি আধিকারিকের কার্যালয়ে এক প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে প্রশাসনের কাছে একটি স্মারকলিপি পেশ করে প্রতিনিধিদল।

কৃষি উপকরণের মূল্যে চরম অনিয়মের কথা তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে অনুজ কুমার খান জানান, বিভিন্ন কৃষি সামগ্রী তৈরি সংস্থার ডিস্ট্রিবিউটররা নির্ধারিত 'সর্বোচ্চ খুচরো মূল্য' এর তোয়াক্কা না করে অতিরিক্ত চড়া দামে সার ও কীটনাশক সরবরাহ করছেন। এর ফলে ডিলাররা বাধ্য হয়ে বেশি দামে এসব সামগ্রী কিনতে বাধ্য হচ্ছেন।

এই অতিরিক্ত খরচের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ প্রান্তিক কৃষকদের ওপর। চড়া দামে বিক্রেতারা কৃষকদের কাছে সামগ্রী পৌঁছাতে বাধ্য হওয়ায় কৃষকদের ওপর আর্থিক বোঝা লাফিয়ে বাড়ছে। স্থানীয় ডিলার ও খুচরো ব্যবসায়ীদের প্রতি কৃষকদের ক্ষোভ ও অসন্তোষ তৈরি হচ্ছে। সার্বিক কৃষি বাজারব্যবস্থায় অসচ্ছতা দেখা দিচ্ছে।

দীর্ঘদিন ধরে চলা এই সংকট নিরসনে বারবার সরব হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তুলে ধরেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কৌশিক মন্ডল। তিনি জানান, ডিস্ট্রিবিউটরদের অনিয়ম রুখতেই তাঁরা ব্লক কৃষি আধিকারিকের দুয়ারে কড়া নাড়তে বাধ্য হয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে মূলত দুটি মুখ্য দাবি পেশ করা হয়েছে। সেগুলি হল– ডিস্ট্রিবিউটররা যাতে সরকারি নিয়ম মেনে নির্ধারিত খুচরো মূল্যে সার ও কীটনাশক সরবরাহ করেন, তা নিশ্চিত করতে কৃষি দপ্তরকে কড়া নজরদারি চালাতে হবে। নীতিবহির্ভূতভাবে দাম বাড়ানো এবং অনিয়মের সাথে যুক্ত ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।

আন্দোলনকারী ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য, তাঁরা যদি পাইকারি বাজার বা ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ন্যায্য ও সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারেন, তবেই কৃষকদের কাছেও সঠিক মূল্যে তা পৌঁছে দেওয়া সম্ভব। এতে একদিকে যেমন কৃষকদের আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে বাজারে স্বচ্ছতা ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। কৃষি দপ্তর এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা ব্যক্ত করেছেন ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন