Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ আগস্ট, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজের মুখে মহা বিপাকে ভারত: গিলের চোট ও বোলিং বিপর্যয়ে অস্বস্তিতে দল

 ‌

Sri-Lanka-Series

সমকালীন প্রতিবেদন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে শ্রীলঙ্কা সফরটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঐতিহাসিক গল টেস্টের দিনকয়েক আগে শ্রীলঙ্কার মাটিতে একের পর এক চোটের ধাক্কা এবং প্রস্তুতি ম্যাচে বোলারদের মলিন পারফরম্যান্স চিন্তা বাড়াল ভারতীয় ক্রিকেট শিবিরের। চোটের কারণে শ্রীলঙ্কা বোর্ডের বিপক্ষে চলতি চার দিনের প্রস্তুতি ম্যাচ থেকে বাদ পড়েছেন অধিনায়ক শুবমান গিল।

সিরিজ শুরুর ঠিক মুখেই অধিনায়কের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। বৃহস্পতিবার অনুশীলনে নেটে ব্যাট করার সময় বল লেগে ডান হাতের অনামিকা ও বুড়ো আঙুলে আঘাত পান শুবমান গিল। এরপর চিকিৎসকদের পরামর্শে আবার ব্যাট করতে নামলেও পরবর্তীতে স্লিপে ক্যাচিং অনুশীলনের সময় পুনরায় একই জায়গায় আঘাত পান তিনি। 

কয়েকদিন আগেই ঘাড়ের সমস্যায় ভুগে ওঠা অধিনায়ককে নিয়ে কোনো রকম ঝুঁকি না নিয়ে, চিকিৎসকদের পরামর্শে তাকে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে। এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক কে এল রাহুল। তবে বিসিসিআই সূত্রে জানা গেছে, টেস্ট সিরিজ থেকে গিল এখনও বাদ পড়েননি। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া গল টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট।

অধিনায়কের অনুপস্থিতির পাশাপাশি প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই মাঠের খেলায় বেশ বেকায়দায় পড়েছে ভারত। বোলিং বিভাগে দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকাদের ভরাডুবি দেখা গেছে। ভারতের মূল পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণকে ব্যাকফুটে ঠেলে দিয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন শ্রীলঙ্কা একাদশের দুই ওপেনার রাবিন্দু রসান্থা এবং নিশান মধুশকা। ওভারপিছু চার রানের বেশি হারে রান তুলতে থাকেন তাঁরা। এমনকি দলে প্রত্যাবর্তন করা তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও তাঁদের রানের গতিতে লাগাম টানতে ব্যর্থ হন।

শ্রীলঙ্কা সফরের আগে থেকেই ভারতীয় দলে চোটের সমস্যা প্রকট রূপ নিয়েছে। জশপ্রীত বুমরা, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন। অন্যদিকে পিঠের সমস্যায় ভুগছেন আকাশ দীপ এবং হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম টেস্টের বাইরে চোটাক্রান্ত ওয়াশিংটন সুন্দর। চোট সমস্যা রয়েছে সাই সুদর্শনেরও, যাঁর কারণে তিনি এখনও শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

যদি ১৫ আগস্ট গলে প্রথম টেস্টের আগে শুবমান গিল বা সাই সুদর্শন সুস্থ হয়ে না ওঠেন, তবে ভারতের সম্ভাব্য চার নম্বর ব্যাটিং পজিশনে দেবদত্ত পাডিক্কালকে দেখা যেতে পারে। এছাড়া বিকল্প ব্যাটার হিসেবে সরফরাজ খানের নামও ভাবনায় রয়েছে বিসিসিআই-এর। তবে পরিস্থিতি সামাল দিতে হর্ষ দুবে, শিবাঙ্গ কুমার, তনুশ কোটিয়ান ও বিপরাজ নিগমকে বিশেষ নেট বোলার হিসেবে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট প্রথম টেস্ট এবং ২৩ আগস্ট কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে শুভমানের দ্রুত আরোগ্য ও বোলিং বিভাগের ছন্দে ফেরাই এখন ভারতীয় দলের একমাত্র লক্ষ্য।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন