Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি বায়ুর জোড়া ফলা: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

 

Heavy-rain-in-South-Bengal

সমকালীন প্রতিবেদন : সক্রিয় মৌসুমি বায়ুর পাশাপাশি বিহার, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব বাংলাদেশ-অসম সংলগ্ন অঞ্চলে বিরাজমান তিনটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর ফলে আজ, ৮ আগস্ট গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বজায় রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, যা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে।

দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে বর্তমানে মৌসুমি অক্ষরেখা অত্যন্ত সক্রিয়, যা কাঁথির উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর মেঘলা আকাশ এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম– এই ৬টি জেলায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবি ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ফের হলুদ সতর্কতা জারি হতে পারে।

কলকাতায় আজ ভারী বর্ষণ না হলেও বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শহরের জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামী ৩ দিন হলুদ সতর্কতা বহাল থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছানোর কারণে বৃষ্টি হলেও প্যাচপ্যাচে অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। মৌসুমি অক্ষরেখার প্রভাবে পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিনটি নির্দিষ্ট জেলায় ভারী বর্ষণের আশঙ্কায় আজ পৃথক হলুদ সতর্কতা রয়েছে। উত্তরের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়লেও সোমবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে এবং মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে।

বঙ্গোপসাগর উত্তাল থাকা এবং উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটারে পৌঁছানোর আশঙ্কায় আজ, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিসের মতে, চলতি দুর্যোগের মেয়াদ আর খুব বেশি দিন নয়। রবিবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমতে শুরু করবে। তবে বৃষ্টি কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পুনরায় চড়া গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরে আসতে পারে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন