সমকালীন প্রতিবেদন : বেপরোয়া টোটো চলাচলের জেরে ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বনগাঁ। গলি রাস্তায় হঠাৎ বাঁক নিতে গিয়ে বাইকের সঙ্গে সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে মৃত্যু হলো মাত্র দেড় মাস বয়সী এক শিশুকন্যার। রবিবার সকালে পুরাতন বনগাঁর মাঝেরপাড়া দুই-মাইল এলাকার রামনগর রোডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি অনিয়ন্ত্রিত টোটো চলাচল নিয়ে পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম বৃষ্টি ঘোষ (১.৫ মাস)। সে বনগাঁর সাতভাই কালিতলা এলাকার বাসিন্দা, দিনমজুর রাম ঘোষ ও পূজা ঘোষের ছোট্ট কন্যা। গত দু’দিন ধরে ছোট্ট বৃষ্টির জ্বর না কমায়, রবিবার সকালে তাকে নিয়ে বনগাঁ শহরের এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন মা পূজা ঘোষ। চিকিৎসা করিয়ে সকালে টোটো চেপে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু মাঝেরপাড়া দুই-মাইল এলাকায় রামনগর রোডের ওপর পৌঁছাতেই ঘাতক টোটোটি হঠাৎই ডান দিকে বাঁক নিয়ে একটি গলির রাস্তায় ঢোকার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টোটোটি হুট করে ডান দিকে মোড় নেওয়ার সময় বেড়ি গোপালপুরের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যে টোটোটি উল্টে যায় এবং মায়ের কোলে থাকা দেড় মাসের বৃষ্টি ছিটকে শক্ত পিচ রাস্তায় আছড়ে পড়ে।
ঘটনাটি দেখামাত্রই আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে রক্তাপ্লুত শিশু ও তার মা-কে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর একরত্তি শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক পরিণতির পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বনগাঁ মহকুমা জুড়ে ট্র্যাফিক নিয়ম অমান্য করে বেপরোয়াভাবে টোটো চালানো হচ্ছে। চালকদের অনিয়ন্ত্রিত গতি, যখন-তখন হঠাৎ মোড় নেওয়া এবং নিয়মনীতির তোয়াক্কা না করার ফলে নিয়মিত দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
এদিনের ঘটনার জন্য প্রশাসনিক নজরদারির অভাবকেই দায়ী করছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়েই বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও টোটো দুটিকেই আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন