Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

‌২০২৬-২৭ ঘরোয়া মরশুমের আগে বিসিসিআই-এর নতুন নির্দেশিকা: খেলার নিয়মে একগুচ্ছ বৈপ্লবিক পরিবর্তন

Changes-to-the-rules-of-game

সমকালীন প্রতিবেদন : আগামী মাস থেকে দলীপ ট্রফির হাত ধরে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের ২০২৬-২৭ ঘরোয়া মরশুম। তার ঠিক প্রাক্কালেই খেলার নিয়মে একাধিক যুগান্তকারী ও কঠোর পরিবর্তনের কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মূলত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রস্তাবিত সংশোধনীগুলিকেই গ্রহণ করে বোর্ডের তরফ থেকে সমস্ত রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট খেলাকে আরও স্বচ্ছ, আকর্ষণীয় ও অনিয়মমুক্ত করতেই এই পদক্ষেপ।

নতুন নিয়মের সবচেয়ে বড় কোপ পড়তে চলেছে বোলারদের ওপর। এতদিন পর্যন্ত কোনও বোলার ইচ্ছাকৃতভাবে ‘ফ্রন্ট-ফুট নো-বল’ বা ‘নন-ল্যান্ডিং ডেলিভারি’ করলে তাঁকে কেবল সংশ্লিষ্ট ইনিংসের জন্য বোলিং করা থেকে বিরত রাখা হতো। তবে এবার থেকে প্লেয়িং কন্ডিশনের ৪১.৮ নম্বর নিয়ম অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত বোলারকে ওই ইনিংস নয়, বরং পুরো ম্যাচের জন্যই বোলিং থেকে নির্বাসিত করা হবে। ডেলিভারিটি ইচ্ছাকৃত ছিল কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাঠের দুই আম্পায়ার।

দিনের খেলা শেষ হওয়ার নিয়ম এবং ইনিংস ঘোষণার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। এতদিন নিয়ম ছিল দিনের শেষ ওভারের মধ্যে কোনো ব্যাটার আউট হলে সেখানেই সেদিনের মতো খেলা শেষ বা ‘স্টাম্পস’ ঘোষণা করা হতো। কিন্তু নতুন বিধিতে ওভারের মাঝপথে উইকেট পড়লেও পুরো ওভারটি সম্পূর্ণ করেই খেলা শেষ করতে হবে, যাতে নতুন ব্যাটারকে ক্রিজে আসার সুযোগ দেওয়া যায়।

ম্যাচের শেষ ইনিংসে আর কোনও দল ইনিংস ডিক্লেয়ার বা বর্জন করতে পারবে না (আইন ১৫.২)। নিয়ন্ত্রক সংস্থাগুলির মতে, কৃত্রিম ফলাফল তৈরির উদ্দেশ্যে এই নিয়মের অপব্যবহার করা হচ্ছিল, যা ক্রিকেটের ভাবমূর্তির পরিপন্থী।

ঘরোয়া একদিনের ম্যাচে এখন থেকে ‘ড্রিঙ্কস ব্রেক’-এর সময় দলের প্রধান কোচ স্ট্র্যাটেজি তৈরির জন্য সরাসরি মাঠে প্রবেশ করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একই নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে, নতুন নিয়মে স্বস্তি পেয়েছেন উইকেটকিপাররা। এতদিন বোলার রান-আপ শুরু করা মাত্রই কিপারদের গ্লাভস বাধ্যতামূলকভাবে স্টাম্পের পেছনে রাখতে হতো, যার সামান্য ভুলচুকে নো-বল বা স্টাম্পিং বাতিলের সম্ভাবনা থাকত। নতুন নিয়মে এখন থেকে কেবল বোলার বল ছাড়ার মুহূর্তে গ্লাভস স্টাম্পের পেছনে রাখলেই চলবে।

ঘরোয়া মরশুম শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি। ইতিমধ্যেই রাজ্য সংস্থাগুলি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নতুন এই নির্দেশিকা সম্পর্কে অবহিত করা শুরু করেছে। ম্যাচ অফিশিয়ালদের নতুন নিয়মগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিসিসিআই-এর তরফে বিশেষ সচেতনতামূলক ক্লাসেরও আয়োজন করা হচ্ছে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন