Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৬ জুন, ২০২৬

রেশনে মিললো সিমেন্ট, পাথরে ভরা গম, গোপালনগরে ক্ষোভ রেশন গ্রাহকদের

 ‌

Ration-system

সমকালীন প্রতিবেদন : ‌মন্ত্রীর আশ্বাসের পরেও রেশনে মিললো না ভালো গম। পরিবর্তে মিললো সিমেন্ট, পাথরের মতো অবাঞ্ছিত জিনিস মেশানো গম। এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মধ্যে। খবর পেয়ে পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকেরা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। শনিবার গোপালনগর থানার চালকী এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজ্যে নতুন সরকার গঠনের পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া। দায়িত্ব নেওয়ার পরই তিনি খাদ্য দপ্তরের অনৈতিক কাজের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করে বসেন। স্বচ্ছতা আনতে তিনি ঘোষণা করেন যে, আর আটা নয়, রেশনে এখন থেকে খাওয়ার উপযুক্ত ফ্রেশ গম দেওয়া হবে। 

খাদ্যমন্ত্রীর সেই ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন রেশন গ্রাহকেরা। অনেক আশা নিয়ে নতুন মাসের রেশন তুলতে গিয়ে হতাশ হতে হলো গোপালনগর থানার চালকী এলাকার রেশন গ্রাহকদের। বিমলা দেবনাথ নামে এক রেশন গ্রাহক শনিবার সকালে স্থানীয় রেশন ডিলার প্রদীপ দত্তর দোকানে যান। সেখানে তিনি তার পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ গম তোলেন।

কিন্তু গম নেওয়ার পর হতাশ হয়ে পড়েন। গম ঢেলে তিনি দেখেন, গমের ভেতরে সিমেন্ট, পাথর সহ বিভিন্ন অবাঞ্ছিত জিনিস মেশানো। শুধু তিনি নন, একই অভিজ্ঞতা হয় এখানকার অন্যান্য রেশন গ্রাহকদেরও। এই ঘটনায় গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা রেশন দোকানের কর্মীকে এব্যাপারে অভিযোগ জানাতে গেলে, উল্টে গ্রাহকদের উপর চোটপাট করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ছুটে আসেন রেশন ডিলার প্রদীপ দত্ত। তিনি বলেন, সরকার থেকে বস্তা বোঝাই হয়ে যে গম এসেছে, সেই গমই গ্রাহকদের দেওয়া হয়েছে। তার কথা অনুযায়ী, এই গমগুলি সরকারের পক্ষ থেকে অনেক আগে কেনা ছিল। নতুন সরকারের আমনে নতুন করে গম কেনা হলে আর এই সমস্যা থাকবে না।

এদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রেশন ডিলারের ঘরের সামনে ক্ষোভ প্রকাশ করতে থাকেন রেশন গ্রাহকেরা। গ্রাহকদের মাধ্যমে এই খবর পৌঁছে যায় গোপালনগর থানা এবং মহকুমা খাদ্য দপ্তরে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছান পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকেরা। তাঁরা নিজেরাও পরীক্ষা করে দেখেন যে, গোমের গুণমান নিম্নমানের।

এই ঘটনার পর দপ্তরের আধিকারিকেরা খারাপ গম পাল্টে গ্রাহকদের ভালো গম দেওয়ার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে খারাপ গম পাল্টে নতুন বস্তা খুলে ভালো গম গ্রাহকদের দেওয়া হয়। খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান, 'কল্যানীর গুদাম থেকে এই গম এসেছে। সম্ভবত এই গম অনেক আগের কেনা ছিল। আগামীদিনে নিশ্চিতভাবে গ্রাহকেরা ভালো গম পাবেন।' 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন