Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার স্বয়ংসেবকদের সতর্ক করলেন আরএসএস নেতা

 

Rashtriya-Swayamsevak-Sangh

সমকালীন প্রতিবেদন : ‌পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এবার সংগঠনের স্বয়ংসেবকদেরও সতর্ক থাকার বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। বুধবার নিউ টাউনে সংগঠনের নতুন দফতর ‘কেশব স্মৃতি’-র প্রাথমিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সঙ্ঘের সর্বভারতীয় সহকারী সাধারণ সম্পাদক রামদত্ত চক্রধর বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হয়েছে বলেই সংগঠনের কাজ শেষ হয়ে যায়নি। বরং এই পরিস্থিতিতে স্বয়ংসেবকদের দায়িত্ব আরও বেড়েছে বলে তিনি জানান।

নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২ডি-তে তৈরি হয়েছে আরএসএসের নতুন দফতর। সংগঠনের সামাজিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক পরিসর বাড়ার ফলে মানিকতলার কেশব ভবনে জায়গার সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণে ২০২৩ সালে নিউ টাউনে নতুন ভবন তৈরির কাজ শুরু হয়। বুধবার সেখানে বাস্তুপুজো ও হোমযজ্ঞের মাধ্যমে প্রাথমিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সঙ্ঘের স্বয়ংসেবক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাস্তুপুজো চলাকালীন নবনির্মিত ভবনে পৌঁছে তিনি সঙ্ঘের বিভিন্ন স্তরের প্রচারক ও পদাধিকারীদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে অন্য কর্মসূচিতে চলে যান। রামদত্ত চক্রধরের বক্তব্যেও মুখ্যমন্ত্রীর এই উপস্থিতির প্রসঙ্গ উঠে আসে।

রামদত্ত বলেন, পরিস্থিতি বদলালেও স্বয়ংসেবকদের আচরণ ও সংগঠনের প্রতি তাঁদের অঙ্গীকারে যেন কোনও পরিবর্তন না আসে। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনকে সংগঠনের কাজের চূড়ান্ত সাফল্য হিসেবে দেখা ঠিক নয়। বরং অনুকূল পরিস্থিতিতেই অসতর্ক হওয়ার সম্ভাবনা বাড়ে বলে তিনি সতর্ক করেন। তাঁর বক্তব্যে স্বয়ংসেবকদের সংগঠনের চরিত্র ও নিজেদের সঙ্কল্প অটুট রাখার উপর জোর দেওয়া হয়।

তিনি আরও বলেন, সমাজ সঙ্ঘের স্বয়ংসেবকদের আচরণ লক্ষ্য করে। তাই মানুষের সঙ্গে যোগাযোগ, সামাজিক কাজ এবং সংগঠনের মূল্যবোধ বজায় রাখার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে সঙ্ঘের সাংগঠনিক কাজ আরও বিস্তারের বার্তাও দেন তিনি।

সঙ্ঘের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর কথাও জানান রামদত্ত। সেই যোগাযোগকে কাজে লাগিয়ে রাজ্যে শাখা ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের উপর গুরুত্ব দেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর ‘কেশব স্মৃতি’র আনুষ্ঠানিক লোকার্পণ হওয়ার কথা। সেই অনুষ্ঠানে সঙ্ঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (‌সরকার্যবাহ)‌ দত্তাত্রেয় হোসবলে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন