সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটে এক ঐতিহাসিক পটপরিবর্তন ঘটতে চলেছে। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতৃত্বে বড়সড় রদবদল করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্ভরযোগ্য সূত্রের খবর, বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় ভারতীয় টি-২০ দলের নতুন অধিনায়ক হতে চলেছেন তারকা ডানহাতি ব্যাটার শ্রেয়স আইয়ার। একই সাথে দলে তাঁর ডেপুটি বা সহ-অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন তরুণ তুর্কী তিলক বর্মা। আজ, শনিবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের সাদা বলের দল ঘোষণার দিনই এই বিষয়ে আনুষ্ঠানিক সিলমোহর পড়তে চলেছে।
বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করার সিদ্ধান্তে ইতিবাচক সাড়া মিলেছে। ২০২৩ সালের ডিসেম্বরের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে জাতীয় দলে সুযোগ না পেলেও, আইপিএলে অধিনায়ক হিসেবে শ্রেয়সের ঈর্ষণীয় সাফল্যই তাঁর পক্ষে গিয়েছে। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা এবং পরবর্তীতে ২০২৬ আইপিএলে পাঞ্জাব কিংসকে দীর্ঘ ১১ বছর পর ফাইনালে তোলার নেপথ্যে ছিল শ্রেয়সের ক্ষুরধার নেতৃত্ব ও ব্যাট হাতে ধারাবাহিকতা। এই দীর্ঘমেয়াদি ও সফল ট্র্যাক রেকর্ডের কারণেই নির্বাচক প্রধান অজিত আগরকার ও সিলেকশন কমিটির অধিকাংশ সদস্য শ্রেয়সের ওপর আস্থা রাখছেন।
তিন মাস আগে সূর্যকুমার যাদবের নেতৃত্বেই ভারত টি-২০ বিশ্বসেরা হলেও, তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে রীতিমতো চিন্তিত বোর্ড কর্তারা। গত প্রায় দেড় বছর ধরে রানের খরায় ভুগছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। ২০২৬ আইপিএল-সহ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গত এক বছরে তাঁর ব্যাটে কোনও হাফসেঞ্চুরি আসেনি। তাছাড়া, ৩৬ বছর বয়সী সূর্যের বয়সটাও তাঁর বিপক্ষে গিয়েছে। ম্যানেজমেন্ট তাঁর অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট হলেও ব্যাটিং ব্যর্থতার কারণে তাঁকে শুধু নেতৃত্ব থেকেই নয়, আসন্ন ইংল্যান্ড সফরের দল থেকেও বাদ দেওয়া হতে পারে। একই কারণে সহ-অধিনায়কের পদ হারাচ্ছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
অধিনায়ক নির্বাচনকে কেন্দ্র করে প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকারের মধ্যে মতপার্থক্যের খবরও সামনে এসেছে। গম্ভীর চেয়েছিলেন সূর্যকুমারের উত্তরসূরি হিসেবে সঞ্জু স্যামসনকে দলের দায়িত্ব দেওয়া হোক। কিন্তু নির্বাচক কমিটি সঞ্জুর পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবকে তুলে ধরে এই প্রস্তাব খারিজ করে দেন। তাঁদের মতে, ২০২৬ টি-২০ বিশ্বকাপে সঞ্জুর অবদান থাকলেও এখনই তাঁকে দীর্ঘমেয়াদি অধিনায়ক করা তাড়াহুড়ো হয়ে যাবে।
আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতীয় স্কোয়াডে সবচেয়ে বড় চমক হতে চলেছে ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ২০২৬ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বিধ্বংসী স্ট্রাইক রেটে ৭৭৬ রান করা এই তরুণ বাঁহাতি ব্যাটারকে আয়ারল্যান্ড সফরে সুযোগ দেওয়া হতে পারে। তবে আইপিএলে আরসিবি-কে জোড়া খেতাব জেতানো রজত পাতিদারের নাম আলোচনায় না থাকাটা ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে।
উল্লেখ্য, এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলের হাতে ওয়ানডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। এবার টি-২০ বিশ্বজয়ের পরও সূর্যকে সরিয়ে শ্রেয়সকে আনা বোর্ডের সেই চেনা আগ্রাসী ও সাহসী রূপান্তরকেই স্পষ্ট করছে। ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের এই ‘শ্রেয়স যুগ’।

.jpeg)






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন