Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শীর্ষ আমলাদের সহায়তায় ছুটির দিনেও এবার রোস্টার মেনে কাজ করবেন কর্মীরা

 

Office-even-on-holiday

সমকালীন প্রতিবেদন : রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে চালু হতে চলেছে এক অভিনব কর্মসংস্কৃতি। এবার থেকে সরকারি ছুটির দিন কিংবা সপ্তাহের শেষে শনিবার ও রবিবারেও অফিসে এসে কাজ করতে হবে কর্মচারীদের। জরুরি প্রশাসনিক কাজকর্মে যাতে কোনও ধরনের বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই রাজ্য সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই অত্যন্ত কড়া ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।

নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিবের সবুজ সংকেত মেলার পর বিশেষ সচিবের স্বাক্ষরিত এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের উচ্চপদস্থ আমলারা প্রায়শই জরুরি সরকারি কাজের তাগিদে শনি, রবি বা অন্যান্য ছুটির দিনেও দফতরে এসে নিয়মিত প্রশাসনিক দায়িত্ব সামলান। স্বাভাবিকভাবেই, সেই সমস্ত কাজের গতি বজায় রাখতে এবং ফাইল যাতে আটকে না থাকে, তার জন্য ঊর্ধ্বতন আধিকারিকদের তাৎক্ষণিক সহায়তার প্রয়োজন পড়ে।

শীর্ষ কর্তাদের সেই প্রশাসনিক কাজে সবরকম সহযোগিতা জোগাতেই এবার থেকে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের বিভিন্ন শাখাকে একটি নির্দিষ্ট ‘রোস্টার’ বা তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী, ছুটির দিনগুলোতেও ঘুরিয়ে-ফিরিয়ে ন্যূনতম কর্মী বা ‘স্কেলিটন স্টাফ’ অফিসে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এই পদক্ষেপের ফলে জরুরি ফাইল আর আটকে থাকবে না এবং সরকারি চাকা সচল থাকবে।

কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের অধীনেই রাজ্যের সমস্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক-দের দফতরগুলি পরিচালিত হয়ে থাকে। ফলে নবান্নের অন্দরের খবর, প্রাথমিক পর্যায়ে এই নির্দেশিকা একটি নির্দিষ্ট দফতরের জন্য কার্যকর হলেও, আগামী দিনে এর পরিধি আরও বৃদ্ধি পেতে পারে। খুব শীঘ্রই হয়তো জেলা, মহকুমা এবং ব্লক স্তরের সরকারি অফিসগুলোতেও ছুটির দিনে পালা করে হাজিরা দেওয়ার একই রকম নির্দেশ জারি হতে চলেছে।

প্রশাসনের অন্দরে যখন ছুটির দিনে কাজ করার এই নতুন নিয়ম নিয়ে জোর চর্চা চলছে, ঠিক তখনই অর্থ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে আসন্ন কিছু ছুটির দিন ঘোষণা করা হয়েছে। গত ২৩ জুন প্রকাশিত সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ৬ জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে পূর্ণদিবস ছুটি থাকবে। ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে রাজ্য সরকারি কর্মচারীরা অর্ধদিবস ছুটি পাবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম এবং বিশেষ আইনি ধারা অনুযায়ী রাজ্যপাল এই ছুটিগুলির অনুমোদন দিয়েছেন। তবে ছুটির এই আমেজের মাঝেই নবান্নের নয়া কর্মসংস্কৃতির কড়া বার্তা নিয়ে এখন সরকারি কর্মচারীদের মধ্যে জোর আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।

প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশের মতে, আগে ছুটির দিনগুলোতে কর্মী না থাকায় বহু জরুরি ফাইল আটকে থাকত, যার ফলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি হতো। কিন্তু নতুন এই ‘রোস্টার’ ব্যবস্থার ফলে সেই জটিলতা কাটবে। এর ফলে সাধারণ মানুষের কাজ যেমন আরও দ্রুত গতিতে এগোবে, তেমনই সরকারি কাজের গতিশীলতা ও স্বচ্ছতা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন