সমকালীন প্রতিবেদন : ক্রিকেটীয় ব্যস্ততা থেকে সাময়িক বিরতি। আর এই অবসরেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর ইনিংসটি শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার আকাশ দীপ। উত্তরপ্রদেশের পবিত্র শহর বারাণসীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অক্ষিতা রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বিহারের এই কৃতি ক্রিকেটার। প্রথামাফিক তিলক এবং হলুদের অনুষ্ঠান শেষে বুধবার দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
কনে অক্ষিতা রাজ বিহারের দেহরির মানিকপুর এলাকার বাসিন্দা। দুই পরিবারের সম্মতি ও উদ্যোগেই এই সম্বন্ধ স্থির হয়েছিল বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে আকাশ দীপ লিখেছেন, “একসঙ্গে জীবনের সবচেয়ে দীর্ঘ ও সুন্দর ইনিংস খেলতে আমরা তৈরি। তুমি আমার সঙ্গী হওয়ায় জানি, প্রত্যেক দিনই জয়ের মতো হবে।” নবদম্পতির এই পোস্ট ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল।
আকাশ দীপের বিয়ের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল তাঁর বরযাত্রী যাওয়ার সময়টি। সতীর্থের জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে উপস্থিত ছিলেন ভারতীয় দলের পেসার মুকেশ কুমার এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। আকাশ যখন ঘোড়ায় চেপে বিয়ে করতে যাচ্ছিলেন, তখন মণ্ডপের বাইরে মুকেশ ও শাহবাজকে জমিয়ে নাচতে দেখা যায়। ক্রিকেট মাঠ কাঁপানো তারকাদের এমন খোশমেজাজি নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
বিয়ের অনুষ্ঠানে বিনোদন জগতের জনপ্রিয় ভোজপুরি তারকা পবন সিং সহ রাজনীতি ও ক্রীড়া ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও, দেখা মেলেনি মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো মহাতারকাদের। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আকাশ দীপ স্বভাবসুলভ রসিকতার সুরে বলেন, “তাঁরা এলে এতটাই ভিড় হতো যে বিয়ের অনুষ্ঠানই ঠিকমতো করা যেত না।” তবে আকাশের মা জানিয়েছেন, ভবিষ্যতে সতীর্থদের জন্য আলাদা একটি জমকালো সংবর্ধনা বা রিসেপশন পার্টির আয়োজন করা হবে, যেখানে ক্রিকেট মহলের বহু পরিচিত মুখ উপস্থিত থাকবেন।
আকাশ দীপের জন্য এই সপ্তাহটি দ্বিগুণ আনন্দের বার্তা নিয়ে এসেছে। বিয়ের মাত্র চার দিন আগে বিহার সরকার তাঁকে ক্রীড়া কোটায় পুলিশ বিভাগের উচ্চপদস্থ 'ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ' (ডিএসপি) পদে নিয়োগ করেছে। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন– উভয় ক্ষেত্রেই একসঙ্গে দুটি বড় সাফল্য আসায় খুশির হাওয়া আকাশ দীপের আদি বাড়ি বিহারের রোহতাস জেলার বাড্ডি গ্রামে। সেখানে গত চার দিন ধরে লাগাতার উৎসবের আমেজ চলছে।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০টি টেস্ট খেলে ২৮টি উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। বিশেষ করে ইংল্যান্ড সফরে তাঁর বিধ্বংসী বোলিং নজর কেড়েছিল ক্রিকেট বিশ্বের। তবে দুর্ভাগ্যবশত, চোটের কারণে তিনি পরবর্তীতে জাতীয় দল থেকে ছিটকে যান। এমনকি সদ্য সমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলেও চোটের কারণে তিনি বল হাতে মাঠে নামতে পারেননি। বর্তমানে আকাশ সম্পূর্ণ চোটমুক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। মাঠের বাইরে থাকলেও, জীবনের নতুন পিচে আপাতত ফ্রন্টফুটে খেলে নতুন জয়যাত্রা শুরু করলেন আকাশ দীপ।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন