Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩ জুন, ২০২৬

আগামী দিনে কি বদলে যাচ্ছে আইপিএলের চেনা সময়সূচি?

 

IPL-Schedule-Change

সমকালীন প্রতিবেদন : সদ্যই সমাপ্ত হয়েছে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে টুর্নামেন্ট শেষ হতে না হতেই পরবর্তী মরসুমের রূপরেখা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি বছরের মতো এবারও কোটিপতি লিগের অন্যতম প্রধান খলনায়ক হয়ে দাঁড়িয়েছিল খামখেয়ালি আবহাওয়া। একদিকে ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংসের ম্যাচসহ একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া, অন্যদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহে ক্রিকেটার ও দর্শকদের নাজেহাল দশা। সব মিলিয়ে টুর্নামেন্টের সময় পরিবর্তনের জোরালো দাবি উঠছে বোর্ডের অন্দরেই।

সাধারণত এপ্রিল ও মে মাসের চেনা উইন্ডোতেই আইপিএল অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিসিসিআইয়ের সামনে মূলত তিনটি বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা উঠে এসেছে। ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বিশেষ করে দুপুরের ম্যাচগুলিতে ক্রিকেটারদের পায়ে টান ধরা বা শরীরে জলশূন্যতা দেখা দিচ্ছে, যা ম্যাচের মানে প্রভাব ফেলছে। গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দর্শকরাও।

বর্তমানে টুর্নামেন্টে ৭৪টি ম্যাচ খেলা হয়। তবে আগামী দিনে ম্যাচের সংখ্যা ৮৪ বা ৯৪-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। এত বড় টুর্নামেন্ট আয়োজন করতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে আরও বড় সময়ের প্রয়োজন হবে। আইপিএলের সময়সূচি সেপ্টেম্বর-অক্টোবরে সরিয়ে নিয়ে যাওয়ার একটি বড় কারণ উৎসবের মরসুম। এই সময়ে ভারতে বিজ্ঞাপন, স্পনসরশিপ ও কেনাকাটার প্রবণতা বেশি থাকায় ব্রডকাস্টার ও ফ্র্যাঞ্চাইজিগুলির লভ্যাংশ বহুগুণ বেড়ে যেতে পারে।

আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল সম্প্রতি জানিয়েছেন যে, টুর্নামেন্টের সময়কাল সেপ্টেম্বর-অক্টোবরে সরানোর বিষয়টি নিয়ে দীর্ঘমেয়াদি আলোচনা চলছে। তবে তাৎক্ষণিক পরিকল্পনা হিসেবে টুর্নামেন্ট অন্তত ১৫ দিন এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে।

বোর্ডের অন্যতম শীর্ষকর্তা দেবজিৎ শইকীয়া এক সাক্ষাৎকারে জানান, “গত বছর বিরতির কারণে আইপিএল এক সপ্তাহ বাড়াতে হয়েছিল, এবারও প্রতিযোগিতা ৩১ মে পর্যন্ত চলল। গরম ও বৃষ্টির প্রভাব এড়াতে আমরা আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালে ১৫ মার্চ থেকে আইপিএল শুরু করার চেষ্টা করব। তাহলে ১৫ মে-র মধ্যেই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে এবং মে মাসের শেষদিকের অতিমাত্রায় গরম ও বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে।”

তবে এই সূচি বদল একেবারেই সহজ নয়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আইপিএল করতে গেলে আইসিসি-র ফিউচার ট্যুর প্রোগ্রাম এবং অন্যান্য দেশের আন্তর্জাতিক সিরিজের সঙ্গে সংঘাত অনিবার্য। তাছাড়া ভারতের কিছু অংশে তখন বর্ষার প্রভাবও থেকে যায়। একইসঙ্গে লিগের পরিধি এখনই বাড়ছে না স্পষ্ট করে শইকীয়া বলেন, “দল বাড়ানো বা ম্যাচের সংখ্যা ৯৪ করার সিদ্ধান্ত পুরোপুরি আমাদের হাতে নেই। আন্তর্জাতিক সূচির বিষয়টি মাথায় রেখে ২০২৭ সালের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

আপাতত আইপিএলের এই খোলনলচে বদলে ফেলার বিষয়টি সম্পূর্ণ ভাবনার স্তরে রয়েছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল স্পষ্ট করেছেন, এখনই কোনো জরুরি তাগিদ নেই। ভবিষ্যতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হলে তা অবশ্যই সম্প্রচারকারী সংস্থার সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেই নেওয়া হবে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন