সমকালীন প্রতিবেদন : বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে তাকে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। তার গাড়ি থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গাড়ি নিয়ে গোপালনগর বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ দাস। সেই সময় গোপালনগর থানার পুলিশ তার গাড়ি আটকায়। এরপর তল্লাশি চালাতেই একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে পুলিশের প্রাথমিক দাবি। ওই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পুলিশের তরফে প্রকাশ করা হয়নি।
বর্তমানে বিশ্বজিৎ দাসকে গোপালনগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কী ধরনের, সেটি তার গাড়িতে কীভাবে এলো এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজনৈতিক মহলে পরিচিত মুখ বিশ্বজিৎ দাস একসময় বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। পরপর দু’বার ওই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৪ সাল থেকে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচনী রাজনীতিতে তাঁকে পরাজয়ের মুখে পড়তে হয়েছে। লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। পরবর্তীতে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচনেও তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করে জয়ী হতে পারেননি।
একসময় বনগাঁর রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিশ্বজিৎ দাসের গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। তবে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগের প্রকৃত ঘটনা কী, তা পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে গোপালনগর থানার পুলিশ।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন