সমকালীন প্রতিবেদন : উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের পাশাপাশি রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা– এই দুই আবহাওয়া সিস্টেমের জেরে রাজ্যে ব্যাপক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় শনিবার থেকেই উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে, আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগা দক্ষিণবঙ্গেও আগামী সোমবার থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, এই সপ্তাহের শেষভাগে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার– ওপরের এই পাঁচ জেলায় ২০০ মিলিমিটারের বেশি অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোম বা মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ‘রেড অ্যালার্ট’ জারি থাকবে। এর ফলে পার্বত্য এলাকায় ধস নামার এবং সমতলের নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমা পার করার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে জারি হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
বর্তমানে জলীয় বাষ্পের আধিক্যের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম ও অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে আগামী রবিবার পর্যন্ত ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে।
সোমবার থেকে পরিস্থিতির বদল ঘটবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ায় জারি হবে কমলা সতর্কতা। সোম ও মঙ্গলবার ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুঁতে পারে। মঙ্গল ও বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সংলগ্ন জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাতের আশঙ্কা-সহ হলুদ সতর্কতা বজায় থাকবে।
কলকাতায় আগামী কয়েকদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম ও অস্বস্তির পাশাপাশি তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ও উপকূলবর্তী এলাকাগুলোতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন