সমকালীন প্রতিবেদন : বাগদা থানার অন্তর্গত পাথুরিয়া এলাকায় শনিবার রাতে এক প্রাক্তন তৃণমূল সদস্যের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় হামলাকারীদের বাধা দিতে গিয়ে এক পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পাথুরিয়া এলাকায় বিজেপি সমর্থিত একটি বিজয় মিছিল বের হয়েছিল। অভিযোগ, মিছিলটি বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মিহির বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে একদল যুবক হঠাৎই উত্তেজিত হয়ে পড়ে। এরপরই তারা মিছিল ছেড়ে বেরিয়ে মিহিরবাবুর বাড়িতে চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। ঘরের আলমারি, আসবাবপত্র ও চেয়ার-টেবিল ভাঙচুর করার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি চারচাকা গাড়িরও ব্যাপকভাবে ক্ষতি করা হয়। ঘটনার সময় মিহির বিশ্বাস বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে তাঁর স্ত্রী শিখারানি বিশ্বাস ও শাশুড়ি ঘরে থাকায় তাঁরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দুষ্কৃতীদের হাতে এক পুলিশ কর্মী আক্রান্ত হন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য রাত থেকেই পুলিশি টহলদারি জোরদার করা হয়েছে।
তৃণমূল নেতৃত্বের সরাসরি আঙুল বিজেপির দিকে থাকলেও, গেরুয়া শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বাগদা এলাকার সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস পালটা দাবি করে বলেন, "আমাদের দলের কোনও কর্মী এই ঘটনায় যুক্ত নয়। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল থেকে যারা ইদানীং 'নব্য বিজেপি' হওয়ার চেষ্টা করছে, তারাই এই কাজ করে থাকতে পারে। রাজ্য নেতৃত্বের তরফে আমাদের কড়া নির্দেশ দেওয়া আছে যাতে কোথাও কোনও অশান্তি না হয়।"







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন