সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটে কি তবে শুরু হতে চলেছে এক নতুন সূর্যোদয়? ক্রিকেট বিশ্বের বিস্ময় বালক হিসেবে পরিচিত ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রীড়ামহল। বিসিসিআই সূত্রে খবর, চলতি বছরেই জাতীয় দলের নীল জার্সিতে অভিষেক হতে পারে এই প্রতিভাশালী ক্রিকেটারের। আসন্ন জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের স্কোয়াডে বৈভবকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি সত্যিই এমনটা ঘটে, তবে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের এক অনন্য রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন বিহারের এই তরুণ তুর্কি।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ডটি বর্তমানে সচিন তেন্ডুলকরের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে যখন সচিনের অভিষেক হয়েছিল, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। অন্যদিকে, জুনে আয়ারল্যান্ড সিরিজের সময় বৈভবের বয়স হবে মাত্র ১৫ বছর ৯১ দিন। অর্থাৎ, প্রায় এক বছরের ব্যবধানে সচিনকে টপকে নতুন ইতিহাস লিখবেন তিনি।
তবে বিশ্ব ক্রিকেটে সর্বকনিষ্ঠ অভিষেকের নজিরটি এখনও পাকিস্তানের হাসান রাজার (১৪ বছর ২২৭ দিন) দখলে থাকলেও, ভারতীয় হিসেবে বৈভবই হবেন অপ্রতিদ্বন্দ্বী। ২০২৪ সালের আইপিএল নিলামে ১.১ কোটি টাকায় রাজস্থান রয়্যালস বৈভবকে দলে নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল চর্চা। চলতি মরশুমে রাজস্থানের জার্সিতে বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি। ৫ ম্যাচে ৪০ গড় এবং ২৬৩.১৬-এর অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ২০০ রান করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
জশপ্রীত বুমরা কিংবা জশ হ্যাজেলউডের মতো বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে বৈভবের নির্ভীক ব্যাটিং দেখে মুগ্ধ খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালও। তিনি ইতিমধ্যেই বিসিসিআই-এর কাছে বৈভবকে জাতীয় দলে নেওয়ার আর্জি জানিয়েছেন। এছাড়াও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল তাঁর।
অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বর্তমানে তরুণ প্রতিভা তুলে আনার দিকে বিশেষ জোর দিচ্ছে। জুনের ২৬ ও ২৮ তারিখ বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। যেহেতু এটি একটি ছোট সিরিজ এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বোর্ড এখানে একঝাঁক তরুণ মুখকে পরখ করে নিতে চায়। বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, আয়ারল্যান্ড সফরের জন্য বাছাই করা তালিকায় বৈভবের নাম গুরুত্ব সহকারে রাখা হয়েছে। শুধুমাত্র আয়ারল্যান্ড নয়, জুলাই মাসে জিম্বাবোয়ে সফরেও তাঁকে সুযোগ দেওয়ার কথা ভাবছে বোর্ড।
টেস্ট হোক বা টি-টোয়েন্টি, সব ফর্ম্যাটেই সাবলীল ব্যাটিং এবং বয়সের তুলনায় পরিণত মানসিকতা বৈভবকে বাকিদের থেকে আলাদা করে চিনে নিতে বাধ্য করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কোটি কোটি ক্রিকেট প্রেমী অধীর আগ্রহে তাকিয়ে আছেন সেই মাহেন্দ্রক্ষণের দিকে, যখন ১৫ বছরের এই কিশোর ভারতের জার্সি গায়ে মাঠে নেমে নতুন এক রূপকথার সূচনা করবেন।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন