Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সরকারি বাসে মহিলাদের ফ্রি টিকিটে লাগাম, আসন সংরক্ষণে ‌নতুন সিদ্ধান্ত রাজ্যের

 

Free-tickets-for-women

সমকালীন প্রতিবেদন : সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু থাকলেও এবার অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ করতে চলেছে রাজ্য সরকার। ফ্রি টিকিটের অপব্যবহার এবং সাধারণ যাত্রীদের টিকিট পেতে সমস্যা হওয়ায় এই সিদ্ধান্ত বলে পরিবহণ দফতর সূত্রে খবর। বিশেষ করে দূরপাল্লার সরকারি বাসের ক্ষেত্রে অনলাইন বুকিংয়ে নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইনে মোট আসনের ৩০ শতাংশ বুকিংয়ের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৭০ শতাংশ আসনের টিকিট কাটতে হবে সরাসরি কাউন্টার থেকে। অর্থাৎ, ইচ্ছেমতো অনলাইনে বিনামূল্যের টিকিট বুক করার সুযোগ আর থাকছে না।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মহিলাদের জন্য একাধিক জনমুখী পরিষেবা চালু করা হয়েছে। তার মধ্যে অন্যতম সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা। গত ১ জুন থেকে এই সুবিধা চালু হয়েছে। পিঙ্ক কার্ডের মাধ্যমে মহিলারা শহর ও দূরপাল্লার সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। সল্টলেক থেকে দিঘা, পুরী কিংবা দার্জিলিং যাওয়ার ক্ষেত্রেও মিলছে এই সুবিধা। তবে পরিষেবা চালুর পর থেকেই অনলাইন টিকিট বুকিং নিয়ে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে।

অভিযোগ, অনেক মহিলা যাত্রী অনলাইনে বিনামূল্যে টিকিট বুক করলেও নির্দিষ্ট সময়ে বাসে উঠছেন না। ফলে অনলাইনে আসন পূর্ণ দেখালেও বাস্তবে বহু আসন ফাঁকাই থেকে যাচ্ছে। অন্যদিকে, ভাড়া দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক সাধারণ যাত্রীরা টিকিট না পেয়ে সমস্যায় পড়ছেন। গত প্রায় পাঁচ মাস ধরে এই সমস্যা পরিবহণ দফতরের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এমনকী, এর জেরে পরিবহণ নিগমের আর্থিক ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ।

এই অনিয়মের বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, বিনামূল্যে যাতায়াতের সুযোগের অপব্যবহার বন্ধ করতে অনলাইন বুকিংয়ে নিয়ন্ত্রণ আনা হবে। শীঘ্রই পরিবহণ দফতরের পক্ষ থেকে এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে, এই ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেছেন পরিবহণমন্ত্রী। তাঁর দাবি, তৃণমূলের লোকজন কিংবা কয়েকটি সংস্থার তরফে মহিলাদের দিয়ে একাধিক ফ্রি টিকিট বুক করানো হচ্ছে। পরে তাঁরা বাসে উঠছেন না। এর ফলে বাস ফাঁকা যাচ্ছে এবং সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি তাঁর। মন্ত্রীর বক্তব্য, সরকারের ক্ষতি শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই প্রভাব ফেলে।

মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার সুবিধা বহাল রেখেই টিকিট বুকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে চাইছে রাজ্য। নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে, কবে থেকে এবং কীভাবে কার্যকর হবে এই বিধিনিষেধ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন