Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইছামতীর ভাঙনে আতঙ্ক বনগাঁয়! নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

Erosion-of-Ichamati

সমকালীন প্রতিবেদন : ইছামতী নদীর ভাঙন ঘিরে নতুন করে উদ্বেগ ছড়াল বনগাঁয়। নদীর পাড়ে বড়সড় ফাটল দেখা দেওয়ার পাশাপাশি ক্রমশ ধসে পড়ছে মাটি। আর তাতেই ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। বিশেষ করে রায় ব্রিজের মুখে শিশু বাগান এলাকায় পাশাপাশি থাকা দুটি বাড়ি এখন ভাঙনের মুখে। যে কোনও মুহূর্তে বাড়ির একাংশ নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। ‌আরো ৩ টি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ভিটেমাটি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।


জানা গেছে, বনগাঁর শিশু বাগান এলাকায় ইছামতী নদীর পাড়ে হঠাৎ করেই মাটিতে ফাটল দেখা দেয়। সময়ের সঙ্গে সেই ফাটল ক্রমশ বড় হচ্ছে। নদীর দিকে সরে যাচ্ছে পাড়ের মাটি। এর জেরে নদীর একেবারে কাছাকাছি থাকা দুটি বাড়ি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, ইতিমধ্যেই বাড়ি সংলগ্ন জমির বেশ কিছুটা অংশ ধসে নদীতে চলে গিয়েছে। ভাঙন আরও বাড়লে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারাতে হতে পারে তাঁদের।


এই পরিস্থিতিতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আরতি সরকার। তাঁর কথায়, নদীর পাড়ের মাটি ফেটে ক্রমশ নদীর দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যেই দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনে কী হবে, তা ভেবেই আতঙ্কিত তাঁরা। বিশেষ করে বাড়িতে ছোট ছোট শিশু রয়েছে। ভাঙন আরও বাড়লে সন্তানদের নিয়ে কোথায় যাবেন, কীভাবে তাঁদের নিরাপদে রাখবেন, তা বুঝে উঠতে পারছেন না। রাতের ঘুম পর্যন্ত উড়ে গিয়েছে পরিবারের সদস্যদের।


একই পরিস্থিতি পাশের বাড়ির বাসিন্দা পূর্ণ দাসেরও। তাঁর দাবি, ভোররাতে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে নদীর পাড়ে ধসের বিষয়টি প্রথম নজরে আসে। চোখের সামনে মাটি ধসে নদীর দিকে চলে যেতে দেখে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তারপর থেকেই বাড়িঘর রক্ষা করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। তাঁর অভিযোগ, সমস্যার কথা জানিয়ে ইতিমধ্যেই বনগাঁ পুরসভায় লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হয়নি।


এ বিষয়ে বনগাঁ পুরসভার প্রধান দিলীপ মজুমদার জানিয়েছেন, সে বাড়িগুলিতে সমস্যা হয়েছে, সেই বাড়িগুলি একদম নদীর ধারে। ওই এলাকার নদীর পাড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিদ্যাধরী ডিভিশনের। বিষয়টি পুরসভার নজরে আসার পর ইতিমধ্যেই চিঠি মারফত সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে। পাশাপাশি, পুরসভার ইঞ্জিনিয়ারদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


তবে প্রশাসনিক চিঠি চালাচালির মধ্যেই নদীর পাড়ের ভাঙন অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। তাঁদের দাবি, দ্রুত এলাকায় পরিদর্শন করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে। সময় থাকতে নদীর পাড় মেরামতির কাজ শুরু না হলে এই পরিবারগুলিকে সর্বস্ব হারাতে হতে পারে। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন আতঙ্কিত বাসিন্দারা।‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন