সমকালীন প্রতিবেদন : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পুলিশের জোরদার নাকা তল্লাশি। নির্বাচনের আগে কালো টাকার কারবার রুখতে তৎপর প্রশাসন। এরই মাঝে বুধবার রাতে বনগাঁ স্টেশন চত্বর থেকে দুই লক্ষাধিক নগদ টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ জিআরপি থানার পুলিশ। ধৃতের নাম শিশির কুমার দাস, বাড়ি বামনগাছি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বনগাঁ স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল শিশির কুমার দাস। কর্তব্যরত জিআরপি কর্মীদের নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ৩২ হাজার টাকা। এই বিপুল পরিমাণ অর্থের স্বপক্ষে কোনো বৈধ নথিপত্র বা উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্বাচনের প্রাক্কালে ভোটারদের প্রভাবিত করতে বা অন্য কোনো বেআইনি নির্বাচনী কাজে ব্যবহারের উদ্দেশ্যেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের পেছনে অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠী বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। ভোটের আগে সীমান্ত শহর বনগাঁয় এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে গোপালনগর থানা এলাকায় তল্লাশির সময় এক ব্যক্তির গাড়ি থেকে এভাবেই হিসেব বহির্ভূত নগদ টাকা উদ্ধার হয়েছিল।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন