Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঠাকুরবাড়িতে ফের দুই ভাইয়ের পৃথক কমিটি! শান্তনু ও সুব্রতর সংগঠনের নতুন তালিকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু-সহ একাধিক বিধায়ক

 

Motua-Commitee

সমকালীন প্রতিবেদন : ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক বিভাজন আরও স্পষ্ট হল। শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের নেতৃত্বে পৃথক দুটি কমিটির নাম ঘোষণা করা হল রাস উৎসবের দিন। দুই ভাইয়ের সংগঠনের নতুন কমিটিতেই সংঘাধিপতি হিসেবে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, সুব্রত ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উপদেষ্টা মণ্ডলীতে জায়গা পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধায়ক অসীম সরকার, অসীম বিশ্বাস, বঙ্কিম ঘোষ-সহ আরও কয়েকজন বিধায়কের নামও রয়েছে ওই তালিকায়। যদিও পৃথক কমিটি গঠন নিয়ে মতুয়া সমাজের মধ্যে কোনও বিভেদ নেই বলেই দাবি করেছেন ঠাকুর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ২০২৫ সাল থেকেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তিনটি পৃথক কমিটি রয়েছে। একটি কমিটির নেতৃত্বে রয়েছেন মমতা ঠাকুর, অন্যটির দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং তৃতীয়টির নেতৃত্বে রয়েছেন সুব্রত ঠাকুর। মঙ্গলবার রাস উৎসব উপলক্ষে ঠাকুরবাড়িতে কার্যত পাশাপাশি দুটি সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটমন্দিরে আয়োজন করা হয়েছিল শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া মহাসংঘের মহাসম্মেলন ও কেন্দ্রীয় কমিটির পুনর্নবীকরণ অনুষ্ঠান। অন্যদিকে, সুব্রত ঠাকুরের বাড়ির সামনে আয়োজিত হয় তাঁর নেতৃত্বাধীন সংগঠনের মহাসম্মেলন ও নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কর্মসূচি।

শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন সংগঠনের নতুন কমিটির ঘোষণা করেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। সেখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা করা হয়। একইভাবে সুব্রত ঠাকুরের অনুষ্ঠানের মঞ্চ থেকেও তাঁর নেতৃত্বাধীন সংগঠনের সংঘাধিপতি হিসেবে সুব্রত ঠাকুরের নাম ঘোষণা করেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। দুই সংগঠনের ক্ষেত্রেই প্রধান সেবায়েত হিসেবে রাখা হয়েছে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে।

দুই ভাইয়ের পৃথক সংগঠন ও কমিটি গঠন ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক এবং সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টিকে বিভেদের চোখে দেখতে নারাজ মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তাঁর বক্তব্য, ঠাকুরবাড়িতে কোনও দ্বিধাদ্বন্দ্ব বা মতবিরোধ নেই। মতুয়া সমাজের উন্নয়ন এবং মানুষের স্বার্থে সকলেই একসঙ্গে কাজ করছেন।

অন্যদিকে, পৃথক কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেছেন সুব্রত ঠাকুর। তাঁর কথায়, রাজ্য তথা দেশে কয়েক কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এত বড় জনগোষ্ঠীর কাজ পরিচালনার ক্ষেত্রে একাধিক কমিটি থাকলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। বরং কাজের সুবিধার জন্যই পৃথক সাংগঠনিক কাঠামো প্রয়োজন হতে পারে।

এদিকে, শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন সংগঠনের ‌পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও পুনর্নবীকরণ করা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বরা সংগঠনকে বাইরে থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। সেই পরামর্শের ভিত্তিতেই এবারের কমিটি তৈরি হয়েছে। রাস উৎসবের দিন ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের পৃথক সাংগঠনিক শক্তি প্রদর্শন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এল।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন