সমকালীন প্রতিবেদন : বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে এপ্রিলেই রাজ্যে শুরু হচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ। একদিকে যখন রাজনৈতিক দলগুলি প্রচারের ময়দানে ঘাম ঝরাচ্ছে, ঠিক তখনই সাধারণ মানুষ ও প্রার্থীদের উদ্বেগ বাড়িয়ে আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড গরমে পুড়তে পারে দক্ষিণবঙ্গ।
মার্চের শেষলগ্নে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর দাপটে তাপমাত্রার পারদ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং শুষ্ক পশ্চিমা বাতাসের প্রভাবে হু হু করে বাড়বে তাপমাত্রা।
আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমের জেলাগুলিতে গ্রীষ্মের তাণ্ডবলীলা শুরু হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করতে পারে। শুধু জেলা নয়, এই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না তিলোত্তমাও। এপ্রিলের প্রথম ভাগেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবন নাজেহাল হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিল মাস জুড়ে দফায় দফায় তাপপ্রবাহের সতর্কতা জারি হতে পারে বেশ কিছু জেলায়। বিশেষ করে ভোটের প্রচারের সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কড়া রোদের মধ্যে ভোটপ্রচার এবং নির্বাচনী সভাগুলি কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে চিন্তায় রাজনৈতিক দলগুলো। অন্যদিকে, তীব্র গরমে সাধারণ ভোটারদের বুথমুখী করাও কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। চিকিৎসকরা এই সময় অতিরিক্ত জল পান এবং বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন