সমকালীন প্রতিবেদন : বৃহস্পতিবারের পর ফের শুক্রবার হুমকি ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বনগাঁ হেড পোস্ট অফিস চত্বর। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে।
পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ একটি হুমকিমূলক ই-মেল আসে। সেই মেলে দাবি করা হয়, পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডিএক্স পরিষেবা লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হবে। বেলা ১২টা ১০ মিনিট নাগাদ সায়ানাইড গ্যাস যুক্ত আরডিএক্স ব্যবহার করে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ থাকে। একই সঙ্গে এগারোটার মধ্যে অফিস খালি করার নির্দেশও দেওয়া হয় মেলে।
মেল পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন কর্তৃপক্ষ। দ্রুত কর্মীদের বাইরে বের করে আনা হয় এবং গ্রাহকদেরও নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। পোস্টমাস্টার জানান, একটি জিহাদি সংগঠনের নাম ব্যবহার করে মেলটি পাঠানো হয়েছে। যদিও মেলের উৎস বা সত্যতা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো যায়নি।
ঘটনার খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুরো চত্বর ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও একই ধরনের হুমকি ই-মেল ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। পরপর দু’দিন এমন বার্তা আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে।
বার বার এইভাবে হুমকি মেল আসায় চিন্তিত প্রশাসনও। পুলিশ জানিয়েছে, ই-মেলের আইপি অ্যাড্রেস ও প্রযুক্তিগত সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে বনগাঁ হেড পোস্ট অফিস চত্বরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন