Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের খুলনায় উৎস, ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

 

Earthquake-shook

সমকালীন প্রতিবেদন : শুক্রবার দুপুরে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। উত্তর থেকে দক্ষিণ‌– শহরের বিভিন্ন প্রান্তে কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। বহু বহুতল আবাসন দুলে ওঠায় আতঙ্কে রাস্তায় নেমে আসেন শয়ে শয়ে মানুষ। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কম্পনের খবর মিলেছে। বনগাঁতেও ভূকম্পন যথেষ্ট অনুভূত হয়।


প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর ১টা ২২ থেকে ১টা ২৩ মিনিটের মধ্যে কম্পন শুরু হয় এবং প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়। বহু নাগরিকের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত অ্যালার্ট নোটিফিকেশন পৌঁছয়।


ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৪.৯ থেকে ৫.০-এর মধ্যে। European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-র প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল খুলনা থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। কলকাতা থেকে যার দূরত্ব আনুমানিক ৯০ কিলোমিটার।


তীব্রতার কারণে শহরের বিভিন্ন বহুতলে বসবাসকারী মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অফিসপাড়া ও আবাসিক এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি, তবু আতঙ্ক ছড়ায় শহরজুড়ে।


প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ভূকম্পন বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরবর্তী আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন