সমকালীন প্রতিবেদন : গ্রামের রাস্তায় ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে থাকা মানসিক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এক অসুস্থ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। শনিবার এই ঘটনা ঘটেছে বনগাঁ থানার গ্যাঁড়াপোতা গ্রাম পঞ্চায়েতের মুড়িঘাটা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে মুড়িঘাটা গ্রামের কয়েকজন গ্রামবাসী লক্ষ্য করেন যে, বছর ৩৫ বয়সের কাছাকাছি একজন অন্তঃসত্ত্বা মহিলা মুড়িঘাটা সেতুর কাছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন। তার সঙ্গে কথা বলে গ্রামবাসীরা বুঝতে পারেন, তিনি মানসিকভাবে প্রতিবন্ধী।
এই পরিস্থিতিতে গ্রামবাসীরা কোনওরকম ঝুঁকি না নিয়ে স্থানীয় গ্যাঁড়াপোতা পুলিশ ফাঁড়িতে খবর পাঠান। খবর পেয়ে সেখানকার পুলিশকর্মীরা স্থানীয় আশা কর্মীদেরকে সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। এরপর ওই মহিলার চিকিৎসার জন্য তাকে বনগাঁ মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়।
বনগাঁ পুলিশ জেলার সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত জানান, অসুস্থ ওই মহিলার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন গ্রামবাসীরা।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন