Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে রেকর্ডের বন্যা, বৈভব সূর্যবংশীর ব্যাটে নতুন ইতিহাস

 

Vaibhav-Suryavanshi

সমকালীন প্রতিবেদন : ‌মাত্র ১৪ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে কার্যত ঝড় তুলে দিলেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরেই প্রতিটি ম্যাচে আলাদা নজরে থাকা এই কিশোর প্রতিভা ফাইনালের মতো বড় মঞ্চে নিজেকে ছাপিয়ে গিয়ে গড়ে তুললেন একের পর এক বিশ্বরেকর্ড।

শুক্রবার হারারেতে খেতাবের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক আয়ুষ মাত্রের সেই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক, তা প্রথম বল থেকেই প্রমাণ করে দেন বৈভব। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে কার্যত ছেলেখেলায় পরিণত করে তিনি খেলেন ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৫টি ছক্কা– যা অনূর্ধ্ব-১৯ স্তরে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নতুন বিশ্বরেকর্ড।

মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে বৈভব হয়ে ওঠেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের দ্রুততম শতরানকারী ব্যাটার। পাশাপাশি ৭১ বলে ১৫০ রান পূর্ণ করে তিনি গড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম দেড়শো রানের নজির। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৫০ রান করার কৃতিত্বও অর্জন করেন তিনি। ২১৮ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংস ভেঙে দেয় একাধিক পুরনো পরিসংখ্যান।

এই ম্যাচে বৈভব ভেঙে দেন রাজ অঙ্গদ বাওয়ারের ২০২২ সালের রেকর্ডও। উগান্ডার বিরুদ্ধে ৬৯ বলে সেঞ্চুরির সেই নজির ছাপিয়ে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ৬০ বলের মধ্যে সেঞ্চুরি করেন তিনি। একই সঙ্গে ২০০৮ সালে নামিবিয়ার বিরুদ্ধে মাইকেল হিলের করা এক ইনিংসে ১২টি ছক্কার ১৮ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দেন বৈভব।

ফাইনালের মঞ্চে এমন দাপুটে ও নির্ভীক ব্যাটিং করে বৈভব সূর্যবংশী স্পষ্ট করে দিলেন– বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ মানচিত্রে তাঁর নাম আলাদা করে লেখা থাকবেই।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন